
শেষ আপডেট: 21 February 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: যেমন কথা, তেমন কাজ। স্কুল ছুটদের সংখ্যা কমাতে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করতে অনুদানের ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরের সেপ্টেম্বর মাসে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল তারা। এবার মাধ্যমিক শেষ হওয়ার পর অনুদানের জন্য পোর্টাল খুলে দেওয়ার কথা বলা হল।
মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে একটি অনুদান পাবে স্কুলগুলি। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য স্কুলকে ১০ টাকা অনুদান দেবে পর্ষদ। সম্প্রতি এই নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার থেকেই সমস্ত অনুমোদিত স্কুলের প্রধানরা ১০ টাকা করে অনুদানের জন্য আবেদন করতে পারেন। অনলাইন পোর্টাল খোলা হলে তা ৪৫ দিন ধরে চালু থাকবে। এই সময়ের মধ্যে যে স্কুল প্রয়োজনীয় তথ্য পোর্টালে জমা করবে তারাই অনুদান পাবে।
করোনা পর্বে স্কুল ছুটের সংখ্যা বেড়েছিল। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের কাছে। করোনা মেটার পরও স্কুল ছুটের প্রবণতা কম হয়নি। তাই পড়ুয়াদের স্কুলে ফেরাতে এই উদ্যোগ নিয়েছে পর্ষদ। তবে এই অনুদান নিয়েও প্রশ্ন উঠে গেছে শিক্ষামহলে। একাংশের মত, প্রস্তুতির জন্য পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস নেওয়া হলে, টিফিনে একটা ছোট কেক বা দুটো কলার বেশি এই টাকায় কিছুই হবে না। তাই এইটুকু অর্থ অনুদানের কোনও সারবত্তা খুঁজে পাননি তাঁরা।
পর্ষদ অবশ্য জানিয়েছে, পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো পরীক্ষায় বসতে পারে, স্কুল যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে, সেইসব কারণেই এই অনুদান দেওয়া হবে। স্কুলের তহবিলে জমা হবে এই অনুদানের টাকা। চলতি বছর প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে মাথা পিছু ১০ টাকা করে মানে ১ কোটি টাকা অনুদান দেওয়া হবে সব মিলিয়ে।