ভোট পর্ব শেষ হলেই অনুষ্ঠিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ২৪ মে পরীক্ষার দিন ঘোষণা করেছে ডব্লিউবিজেইইবি।
.jpeg.webp)
জয়েন্ট এন্ট্রাস (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 7 March 2026 16:51
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ঘোষিত হল রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার দিন। শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examinations Board) জানিয়ে দিল, আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE Exam)। ভোট পর্ব মিটতেই নেওয়া হবে এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা। এদিন পরীক্ষার সমস্ত খুঁটিনাটি জানিয়ে প্রকাশ করা হয়েছে ‘ইনফরমেশন বুলেটিন (Information Bulletin)’।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় (University) এবং শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institutions) ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার বিষয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। সেই কারণেই প্রতি বছরই এই পরীক্ষাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ২৪ মে দুটি পেপারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে সম্পূর্ণ অফলাইনে ওএমআর শিট (OMR Sheet)-এর মাধ্যমে। প্রথম পেপারে থাকবে অঙ্ক (Mathematics)। এই পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পেপারে পদার্থবিদ্যা (Physics) ও রসায়ন (Chemistry)। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।
প্রথম পেপারে মোট নম্বর থাকবে ১০০। দ্বিতীয়তে দু’টি বিষয়ে আলাদা করে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংয়ের (Negative Marking) ব্যবস্থাও থাকবে।
অন্যদিকে পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু হতে চলেছে খুব শিগগিরই। আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। পরীক্ষার্থীরা অনলাইন আবেদন (Online Application) করতে পারবেন ৫ এপ্রিল পর্যন্ত।
আবেদনের সময় কোনও ভুলভ্রান্তি হলে তা সংশোধনের সুযোগও রাখা হয়েছে। সেই কারেকশন উইন্ডো (Correction Window) খোলা থাকবে ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের তথ্য সংশোধন করতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ঘোষণা হল অ্যাডমিট কার্ড (Admit Card) সংক্রান্ত। বোর্ড জানিয়েছে, ১৫ এপ্রিল থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সেই সুযোগ থাকবে ২৪ এপ্রিল বিকেল ৪টে পর্যন্ত।
সব মিলিয়ে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির দৌড়ে এগিয়ে থাকতে এখন শেষ মুহূর্তের পড়াশোনায় জোর দিচ্ছে পড়ুয়ারা।