
ফাইল ছবি
শেষ আপডেট: 23 October 2023 09:03
দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আর নিতে পারবে না যথেচ্ছ ফি। রাজ্যের বেসরকারি সেল্ফ ফাইনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজগুলির জন্য এবার নতুন ফি কাঠামো নির্ধারণ করে দিল উচ্চশিক্ষা দফতর। শুধু তাই নয়, কোন কোন ক্ষেত্রে কত ফি নেওয়া যাবে সে বিষয়টিও ঠিক করা হয়েছে।২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন নিয়ম। স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সগুলির জন্য নতুন কাঠামোটি চালু করা হবে। সম্প্রতি সংশ্লিষ্ট দফতরের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নয়া কাঠামোয় পড়ুয়া পিছু টিউশন ফি নেওয়া হবে বার্ষিক ১ লক্ষ ১০ হাজার টাকা। প্রতিষ্ঠানের উন্নয়নখাতেও নেওয়া যাবে ফি। সমগ্র কোর্সের জন্য সর্বোচ্চ একবার ১০ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। ছাত্রছাত্রীদের থেকে লাইব্রেরি তথা বুক-ব্যাঙ্কের জন্য নির্ধারিত ফি ছয় হাজারের বেশি হবে না। এছাড়াও স্টুডেন্টস ওয়েলফেয়ার, স্পোর্টস অ্যান্ড গেমস ফি নেওয়া হবে বার্ষিক ১ হাজার টাকা। ফেরতযোগ্য জামানত বাবদ অর্থ, পড়ুয়াদের সার্বিক উন্নতি এবং রেজিস্ট্রেশন সহ অন্যান্য খাতে বিশ্ববিদ্যালয়ের তরফে ফি নেওয়া হবে।
যে সব পেশাদার কলেজের 'অটোনমাস স্ট্যাটাস' রয়েছে এবং প্রোগ্রামভিত্তিক এনবিএ স্বীকৃতি, ন্যাকের স্বীকৃতি বা এনআইআরএফ র্যাঙ্কিং থাকা কলেজগুলি চাইলে ভর্তির সময়ে পড়ুয়াদের থেকে নির্ধারিত টিউশন ফি-র ১০ শতাংশ অতিরিক্ত ফি নিতে পারবে। তবে পড়ুয়াদের থেকে সেই ফি নেওয়া যাবে কোর্স চলাকালীন একবারই। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বিটেক কোর্সগুলির জন্য চার বছর এবং বিফার্ম কোর্সগুলির জন্য পাঁচ বছর এই ফি কাঠামোই থাকবে।
প্রসঙ্গত, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি বেশি ফি নেওয়ার কারণে অনেক পড়ুয়াই ভর্তি হতে পারে না। প্রত্যেক বছরই শোনা যায় এমন ঘটনা। তাই পড়ুয়াদের সুবিধার্থেই এই নিয়ম বেঁধে দিল রাজ্য সরকার। ফলে পড়ুয়ারা উপকৃত হবে বলেই মনে করছে উচ্চশিক্ষা দফতর।