.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12 February 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটকে সামনে রেখে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অর্থমন্ত্রীর বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বাজেটের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "দুটো বাজেটকে পাশাপাশি রেখে দেখুন। ওরা অনেক প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলে সেগুলো করে না। আমরা ভোট দেখে বাজেট করি না। আমরা নিজেদের সীমিত ক্ষমতার মধ্যেও মানুষের জন্য সার্বিক উন্নয়নের কাজ করি।"
মুখ্যমন্ত্রী এও বলেন, "আমাদের এই বাজেটে দিশা রয়েছে। মনে রাখবেন জন্ম থেকে মৃত্যু, মানুষের জন্য ৯৪টি প্রকল্প চালু রয়েছে বাংলায়।"
১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ হয়েছে। সামনে বিহারে বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে এবারের বাজেটে সিংহভাগ প্রকল্প বিহারকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ।
সাংবাদিক বৈঠকের শুরুতেই ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ভোটের আগে প্রতিশ্রুতি দেব, তারপর ভোট মিটলে আর মানুষকে চিনব না, আমরা কেন্দ্রের মতো নই। ভোটের লক্ষ্যে নয়, রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থেই বাজেট তৈরি করি।"
কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনা, ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিকে চালু রেখে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জিএসটি থেকে সবটা তুলে নিয়ে যায়। আমাদের প্রাপ্য টাকাটুও দেয় না। তা সত্ত্বেও আমরা যথাসাধ্যভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঘাটাল মাস্টার প্ল্যান, নদী বন্ধন-সহ একাধিক প্রকল্পের জন্য এদিন আমরা নতুন করে বরাদ্দ করেছি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "আমাদের প্রকল্প গুলি টুকলি করা হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত জায়গায়। ওরা ভোটের কথা ভেবে এসব করে। তাও বিভিন্ন কনডিশন দেয়। আমরা কিন্তু এসব করি না। আমরা সর্বস্তরের মহিলাদেরই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে থাকি।"