
ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে ‘পথশ্রী’ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, আগামী অর্থবর্ষে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। তাঁর কথায়, রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য সরকার।
বাজেট ঘোষণায় বলা হয়েছে, এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকার নিজ রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে যেতেই আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
গত বছর বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য। আর পথশ্রী-৩ প্রকল্প চালু করা হবে। সেই প্রেক্ষিতে এবারের বাজেটে বিরাট অঙ্কের বরাদ্দ বাড়ানো হয়েছে।
এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও ৩৫০টি সুফল বাংলা স্টল তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। অন্যদিকে, রাজ্য বাজেটে নতুন প্রকল্প নদী বন্ধন ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হলেও এবারের বাজেটে ভাতার অঙ্ক বাড়ানো হচ্ছে না বলেই ঘোষণা করা হয়েছে।