
শেষ আপডেট: 4 November 2023 18:43
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নদীবাঁধে বড়সড় ধস নামায় মহা বিপাকে সুন্দরবনের পর্যটন কেন্দ্র ঝড়খালি। প্রতিবছরই লক্ষ লক্ষ পর্যটক ঝড়খালিতে আসেন। তাঁদের মধ্যে অনেকেই এখানকার জেটিঘাট থেকে থেকে নৌকো নিয়ে সুন্দরবন ভ্রমণ করেন।
শুক্রবার ভোর রাতে আচমকা হেড়োভাঙা নদীর জলের দাপটে জেটিঘাট সংলগ্ন এলাকার নদীবাঁধে ধস নেমেছে। ইতিমধ্যে বেশকিছু দোকানপাট, একটি পার্টি অফিস ও একটি মন্দির গ্রাস করে নিয়েছে হেড়োভাঙা নদী। এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। যে কোন মুহূর্তে আরও বড় ধরনের ভাঙন হতে পারে। সেই আশঙ্কায় জেটিঘাট থেকে মালপত্র সরাচ্ছেন ব্যবসায়ীরা। দোকান ঘর ভেঙে নিয়ে সরে যাচ্ছেন দূরে।
পর্যটকদের অনেকেই এসে সুন্দরবন যেতে না পেরে ফিরে যাচ্ছেন। বন দফতরের ঝড়খালি রেসকিউ সেন্টারে রযেছে বেশ কয়েকটি বাঘ। পর্যটকরা আসেন এখানেও। জেটিঘাট নদীগর্ভে বিলীন হতে বসায় বিপদ এড়াতে প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয় মানুষদের এখানে আসতে নিষেধ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের পথ। জেসিবি দিয়ে ভাঙন এলাকায় মাটি ফেলার কাজ চলছে। শনিবারও ভাঙন অব্যাহত ছিল। সামনেই অমাবস্যা। ভরা কোটাল। এমন ভাবে ভাঙন চলতে থাকলে ঝড়খালি জেটিঘাটের বড় একটা অংশ হেড়োভাঙা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।