
শেষ আপডেট: 20 December 2023 16:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দাবি না মেনে সেতু নির্মাণের কাজ চালু করায় তৃণমূলের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কাটমানি খেয়ে কাজ করছে, এমন অভিযোগে উপপ্রধান ঘনিষ্ঠ হুমায়ন মল্লিক নামে একজনকে বেধড়ক মারধর করে তারা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিপালের পার্বতীপুর এলাকায়।
মঙ্গলবার হরিপালের দ্বারহাট্টা গ্রামপঞ্চায়েতের পার্বতীপুর এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। বুধবার সকালে তাঁরা দেখেন, তাঁদের দাবি না মেনে আবার সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বাবলু ঘোষ ও তাঁর অনুগামীরা। আবারও কাজ বন্ধ করতে গেলে উপ প্রধানের অনুগামী হুমায়ুন মল্লিক গ্রামবাসীদের উপর চড়াও হয়ে গ্রামবাসীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা হুমায়ন মল্লিককে মারধর করে এবং উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণে উপপ্রধানের মদত আছে এবং তিনি এই প্রকল্প থেকে কাটমানি খেয়েছেন। সে কারণেই গুন্ডা নিয়ে এসে আজ আবার সেতু নির্মাণের কাজ চালু করেন। এদিনও আবারও গ্রামবাসীদের প্রতিরোধে কাজ বন্ধ হয়ে যায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিপাল থানার পুলিশ। আহত হুমায়ুন মল্লিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
উপপ্রধান বাবলু ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণ হলে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন। তাঁর অভিযোগ, পুরোটাই বিজেপির চক্রান্ত। গ্রামবাসীদের উসকে দিয়ে সেতু নির্মাণে বাধা দিচ্ছে তারা। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।