দ্য ওয়াল ব্যুরো : আর কিছুদিনের মধ্যে মুক্তি পাবে মুম্বইয়ের প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালনের ফিল্ম 'শেরনি'। তার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, প্রথমবার অভিনয় করে পেয়েছিলেন মাত্র ৫০০ টাকা। তাঁকে বলা হয়েছিল, গাছের পাশে দাঁড়িয়ে শুধু হাসতে হবে। কোনও সংলাপ ছিল না তাঁর মুখে। রাজ্যের পর্যটন দফতরের প্রচারের জন্য একটি ছোট্ট ভিডিও তৈরি হয়েছিল। তাতেই প্রথমবার মুখ দেখিয়েছিলেন বিদ্যা বালন।
পরবর্তীকালে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। ফিচার ফিল্মেও অভিনয় করেন। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে আছে পরিণীতা, গুরু, পা, ভুল ভুলাইয়া, দি ডার্টি পিকচার এবং কাহানি। তিনি জানিয়েছেন, কমবয়সে রাজ্য পর্যটন দফতরের ওই ফিল্মে তাঁর নিজের বোন, খুড়তুতো বোন এবং এক বন্ধুও অভিনয় করেছিলেন। তাঁদের কাজ ছিল শুধু একটা গাছের পাশে দাঁড়িয়ে হাসা। তাঁরা প্রত্যেকেই ৫০০ টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন।
প্রথম অডিশন দেওয়ার স্মৃতিচারণ করে অভিনেত্রী জানিয়েছেন, টিভির একটা শো-তে অভিনয় করার জন্য দেড়শ জন পরীক্ষা দিতে গিয়েছিল। তাদের মধ্যে তিনিই নির্বাচিত হন। ১৯৯৫ সালে 'হম পাঁচ' নামে টিভিতে একটি শো শুরু হয়। সেখানে তিনি চশমা পরা এক কিশোরীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
তাঁর কথায়, "একটি টেলিভিশন শো-এর জন্য আমি অডিশন দিতে গিয়েছিলাম। সেটা ছিল আমার প্রথম টেলিভিশন শো। মা আর বোনের সঙ্গে আমি গিয়েছিলাম ফিল্ম সিটিতে। আমাকে সারা দিন অপেক্ষা করতে হয়েছিল। মোট দেড়শ জন সেখানে অডিশন দিয়েছিল।"
২০০৫ সালে পরিণীতা ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন বিদ্যা বালন। সেখানে তাঁর সহ অভিনেতা ছিলেন সইফ আলি খান ও সঞ্জয় দত্ত। পরে লাগে রহো মুন্নাভাই, হে বেবি, দুর্গারানি সিং-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। তাঁর নতুন ছবি শেরনির প্রিমিয়ার ভিডিও রিলিজ হবে আগামী শুক্রবার।