
শেষ আপডেট: 8 August 2022 13:24
দ্য ওয়াল ব্যুরো: টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে (Victoria Memorial Hall) প্রতিদিনই প্রচুর মানুষ ঢোকেন। তার জন্য যথাযথ প্রবেশমূল্য নির্ধারণ করা আছে। কিন্তু সেই টিকিটের টাকা যায় কোথায়? লক্ষ লক্ষ টাকা লোপাট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এক কর্মীকে।
অভিযোগ, প্রায় তিন বছর ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Kolkata) টিকিটের টাকা নয়ছয় করা হয়েছে। ১৩ লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে না বলে খবর। বিষয়টি নজরে আসতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ তাদের ওই কর্মীর বিরুদ্ধে থানায় আর্থিক তছরুপের অভিযোগ করে। হেস্টিংস থানার পুলিশ রবিবার ওই কর্মীকে গ্রেফতার করেছে বলে খবর।
ধৃতের নাম স্বপন দে, বয়স ৫৫ বছর। তাঁর বিরুদ্ধে জুলাই মাসে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ, তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বিক্রির পুরো টাকা জমা করছিলেন না বেশ কয়েক বছর ধরেই। একইসঙ্গে সেখানকার বার্ষিক পাস বিক্রির টাকাতেও নয়ছয় করছিলেন তিনি।
২০১৯ সাল থেকে ভিক্টোরিয়ার টিকিটের টাকা আত্মস্যাৎ করেছেন বলে অভিযোগ ধৃত স্বপনের বিরুদ্ধে। ১৩ লক্ষ টাকা হাতানো হয়েছে। এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।