
সবজি বাজার - ফাইল ছবি
শেষ আপডেট: 29 July 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: সবজির দাম বৃদ্ধি ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণ আসে তার জন্য পুলিশকে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন। গত ৯ জুলাই নবান্ন থেকে বৈঠক করে স্পষ্ট বলেছিলেন, ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। সেই নির্দেশের প্রভাব বাজারে পড়েছে। ইতিমধ্যে ৫০ শতাংশ দাম কমেছে সবজির।
বিগত কয়েকদিন ধরে বাজার ছিল কার্যত আগুন। লঙ্কা, বেগুন সবই ডবল সেঞ্চুরি ছুঁয়েছিল। ঢ্যারশ, উচ্ছের মতো সবজিও বিক্রি হচ্ছিল কেজি প্রতি ৯০ থেকে ১১০ টাকা দরে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের ২০ দিনের মাথায় এসে দেখা গেল, সবজির দাম আগের থেকে অন্তত ৫০ শতাংশ কমে গেছে।
সোমবারের বাজারদর বলছে, কিলো প্রতি আলু ৩৫ টাকা, টমেটো ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা, লাউ ২৫ টাকা, গাজর ২৫ টাকা। এদিকে, বাঁধাকপি ৪০ টাকা, বিনস ১০০ টাকা কিলো, ক্যাপসিকাম ৮০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, চিচিঙ্গে ৩০ টাকা কিলো, পটল ৩০ টাকা কিলো, পিঁয়াজ ৪৫ টাকা কিলো।
সবজির আকাশছোঁয়া দামের বিষয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তবে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নের বৈঠক থেকে সেই টিমের কাজ নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, টাস্ক ফোর্স শেষ কবে বৈঠকে বসেছে জানা নেই। তবে যত দিন দাম না কমে, ততদিন বৈঠকে বসতে হবে। বিভিন্ন মহল থেকে আবার অভিযোগ করা হচ্ছিল, বাড়তি লাভের আশায় রাজ্যের আলু কিংবা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে। সেই নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।