
জামুড়িয়ার সব্জি বাজারে হানা
শেষ আপডেট: 15 July 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: বাজারে গেলে এখন ছ্যাঁকা খাচ্ছে আম বাঙালি। আলু, পটল, পিয়াঁজ, ঢেঁড়স, বেগুনের দাম সেঞ্চুরি হাঁকাচ্ছে। তাই সব্জির দাম নিয়ন্ত্রণে নামতে হয়েছে টাস্ক ফোর্সকে। কলকাতা ছাড়া জেলার বাজারেও আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বহরমপুরের বিভিন্ন সবজি বাজারে হানা দিয়েছিলেন তাঁরা।
বহরমপুর থানা এলাকার কদবেলতলা বাজার সহ, চুনাখালি ও গোরাবাজারেও অভিযান চলে টাস্ক ফোর্সের। এসডি ও সদর সহ প্রশাসনিক উর্ধ্বতন একাধিক অফিসার এই অভিযানে ছিলেন। সব্জির গুণমান ও দাম যাচাই করেন। কোনও ব্যবসায়ী যদি ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেন, তাহলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন অফিসাররা। ওজন মাপার যন্ত্র বা দাঁড়িপাল্লায় দোকানদাররা কোনও কারচুপি করছেন কী না সেই দিকও খতিয়ে দেখেন।
এসডিপিও সদর শুভঙ্কর রায় জানান, "মুখ্যমন্ত্রীর নির্দেশে পর পর এই অভিযান চলছে। আগামীতেও চলবে। সবজির দাম সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই আমাদের লক্ষ্য। এর আগে বহরমপুরের বিভিন্ন বাজারে এই অভিযান চলেছে। সোমবারও চলেছে। একে একে সমস্ত বাজার ঘুরে দেখা হবে।"
পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজারে এদিন টাক্স ফোর্স গেছিল। জামুড়িয়া বাজারও ঘুরে দেখেন তাঁরা। সেখানে ছিলেন সমষ্টি উন্নয়ন অধিকারি, রাজ্য কৃষি দফতর ও জামুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা। বাজারে প্রতিটি সব্জির দোকান-গুদামে সরেজমিনে ঘুরে দেখেন। প্রতি দোকানদারের নাম ও জিনিসের দাম তালিকা করেন তাঁরা।
জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম বলেন, "বাজারে দর মোটামুটি ঠিক আছে। মাছ, সব্জি, আলু, পিয়াজের দাম সব ঠিক আছে।"