পরিবারের কাছে বিয়ের কথা বলেও গুরুত্ব না পাওয়ায় অভিমানে জলের ট্যাঙ্কের (Water Tank) মাথায় উঠে বসে পড়েন তিনি। রবিবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

যুবকের কাণ্ডে হুলস্থূল পুরুলিয়ায়
শেষ আপডেট: 12 April 2026 20:04
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই হুলস্থুল পুরুলিয়ার (Purulia) দুলমিতে। বিয়ের দাবিতে রীতিমতো নাটকীয় কাণ্ড ঘটালেন এক যুবক। পরিবারের কাছে বিয়ের কথা বলেও গুরুত্ব না পাওয়ায় অভিমানে জলের ট্যাঙ্কের (Water Tank) মাথায় উঠে বসে পড়েন তিনি। রবিবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ট্যাঙ্কের উপর বসে থাকেন ওই যুবক। ঠিক যেন 'শোলে’র (Sholay) বিখ্যাত দৃশ্যের পুনরাবৃত্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্বাস আনসারি নামে ২২ বছরের ওই যুবক এদিন সকালে পরিবারের কাছে বিয়ের ইচ্ছের কথা জানান। পরিবার তাঁর বিয়ের বিরুদ্ধে না থাকলেও তখন বিষয়টি গুরুত্ব দিয়ে নেয়নি। তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন আব্বাস। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের কাছে একটি ওভারহেড পানীয় জলের ট্যাঙ্কে উঠে বসে পড়েন।
এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকলের কর্মীরা। তাঁরা বারবার অনুরোধ করলেও ট্যাঙ্ক থেকে নামতে রাজি হননি ওই যুবক। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আব্বাসের পরিবারের সদস্যরা। পুলিশ ও দমকলের উপস্থিতিতে তাঁরা যুবককে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে দ্রুত বিয়ের ব্যবস্থা করানোর আশ্বাস দেওয়া হলে মন গলে আব্বাসের। প্রায় সাড়ে ন'টা নাগাদ ট্যাঙ্ক থেকে নেমে আসেন।
আব্বাসের বাবা হাবিব আনসারি জানান, বেশ কিছুদিন ধরেই ছেলে বিয়ের জন্য জোর করছিল। পরিবারও রাজি ছিল, এমনকি আগের রাতেও এই বিষয়ে কথা হয়েছিল। তবে সব কিছু গুছিয়ে করতে একটু সময় চাওয়া হয়েছিল। সেই কারণেই সকালে ফের বিয়ের কথা উঠতেই ছেলের এমন আচরণ।
এই ঘটনা অনেকেরই মনে করিয়ে দিয়েছে বলিউডের জনপ্রিয় ছবি 'শোলে'র (Sholay) সেই বিখ্যাত দৃশ্যের কথা, যেখানে ‘বীরু’ চরিত্রে ধর্মেন্দ্র (Dharmendra) জলের ট্যাঙ্কে উঠে বিয়ের দাবিতে নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিলেন। বাস্তবের এই ঘটনাও যেন ঠিক তেমনই এক সিনেমার গল্প হয়ে উঠল পুরুলিয়ার মাটিতে।