এক সময় বিদেশের দ্রুতগামী ও আধুনিক ট্রেনের ছবি দেখে আক্ষেপ করতে হত— ভারতে কবে এমন হবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। এখন উল্টো চিত্র।
.jpeg.webp)
গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 17 January 2026 14:52
দ্য ওয়াল ব্যুরো: শনিবার মালদহে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Sleeper Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মালদহ টাউন স্টেশন থেকেই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপরই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, "মালদহ থেকে এই ট্রেন যাত্রা শুরু করায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই বাংলার যুবসমাজের সামনে নতুন সুযোগের দরজা খুলবে।"
বক্তৃতায় আবেগের সুর শোনা যায় প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, এক সময় বিদেশের দ্রুতগামী ও আধুনিক ট্রেনের ছবি দেখে আক্ষেপ করতে হত— ভারতে কবে এমন হবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। এখন উল্টো চিত্র। ভারতের ট্রেনের ভিডিও বিদেশিরাই তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, এই বন্দে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। দেশের শ্রম ও দক্ষতার ফলেই এমন ট্রেন সম্ভব হয়েছে। মা কালী ও মা কামাখ্যার (Kamakhya) ভূমিকে যুক্ত করছে এই স্লিপার বন্দে ভারত, যা দেশের মধ্যে প্রথম। আগামী দিনে বন্দে ভারত ট্রেনের পরিসর আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
১৮ জানুয়ারি (রোববার) দুপুর ৩টে নাগাদ হুগলির সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী সিঙ্গুরে বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। পাশাপাশি শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজও। কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানেরও উদ্বোধন করবেন তিনি।
রবিবার আরও একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনটি চালু হতে চলেছে, যা তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
এই নতুন রেল সংযোগ কার্যকর হলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে রেল দফতর। যাতায়াত যেমন সহজ ও দ্রুত হবে, তেমনই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গতি আসবে বলে আশা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা যে রেল সংযোগের দাবি জানিয়ে আসছিলেন, এই প্রকল্প চালু হওয়ার মাধ্যমে তা বাস্তবায়িত হতে চলেছে।