ভ্যাকসিনের মিলমিশে সায় দিল আমেরিকা, কোন টিকা কার সঙ্গে মিশছে
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন মিশ্রণে কোনও ক্ষতি নেই, বরং শরীরের ইমিউনিটি বাড়ে, এমনটাই মত মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)। ভ্যাকসিনের (Vaccine) মিলমিশ সম্ভব কিনা এবং তা শরীরে কতটা কার্যকরী হবে সে নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক
শেষ আপডেট: 21 October 2021 05:08
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন মিশ্রণে কোনও ক্ষতি নেই, বরং শরীরের ইমিউনিটি বাড়ে, এমনটাই মত মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)। ভ্যাকসিনের (Vaccine) মিলমিশ সম্ভব কিনা এবং তা শরীরে কতটা কার্যকরী হবে সে নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলছে। ভ্যাকসিন মিশ্রণে ছাড় দেওয়া হবে কিনা সেটাও ভাবনাচিন্তা করা হচ্ছিল এতদিন। আমেরিকা জানিয়েছে, কোভিডের বুস্টার শটের জন্য ভ্যাকসিনের ওলটপালট হতেই পারে। এক্ষেত্রে ফাইজার, মোডার্না ও জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের মধ্যে অদলবদল করা যেতে পারে।
এফডিএ পরামর্শ দিচ্ছে, ফাইজারের দুটি শট নেওয়ার পরে তৃতীয় ডোজে জনসনের ভ্যাকসিন নেওয়া যেতেই পারে। আবার জনসনের সিঙ্গল শট ভ্যাকসিন নিয়েছেন যাঁরা, তাঁদের ফাইজার বা মোডার্নার টিকা নিতেই পারেন।ভ্যাকসিনের এই মিশ্রণকে বলা হয় ‘হেটেরোলোগাস প্রাইম-বুস্ট’।
টিকায়-টিকায় মিলমিশের এই ভাবনা কিন্তু প্রথম নয়। ইবোলা ভাইরাস মহামারীর সময়েও এমনভাবে ভ্যাকসিনের ডোজ অদলবদল করেছিলেন গবেষকরা। তাতেই ভাইরাসের মহামারী অনেকটা রোখা গিয়েছিল বলে দাবি। সেই পদ্ধতিই ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বিশ্বজুড়ে। এখন ভ্যাকসিনের মিশ্রণ তৈরি করা তো আর অত সহজ নয়, এক একটি কোম্পানি তাদের ভ্যাকসিন এক একরকম প্রযুক্তিতে বানিয়েছে। কেউ ডিএনএ প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি করেছে, কারও ভ্যাকসিন নিষ্ক্রিয় অ্যাডেনোভাইরাস দিয়ে তৈরি, আবার কেউ বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ (mRNA) দিয়ে ভ্যাকসিন তৈরি করেছে। কাজেই ভ্যাকসিনের ডোজের এই অদলবদলও বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই করা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
আমেরিকায় যেমন মোডার্না, ফাইজার ও জনসনের টিকার মিলমিশ হচ্ছে, তেমনই ভ্যাকসিন মিশ্রণের জন্য রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গেও কথাবার্তা চলছে অ্যাস্ট্রজেনেকার। জানা গেছে, রাশিয়ার স্পুটনিক ভি টিকা ও অ্যাস্ট্রজেনেকার টিকার ডোজের মিশ্রণ হতে পারে। সেই হেটেরোলোগাস বুস্ট কেমন হবে তার ট্রায়ালও শুরু হবে খুব তাড়াতাড়ি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'