দ্য ওয়াল ব্যুরো : অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ব্রিজলাল মৌর্যের মেয়ের বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের হালিয়ার এক গ্রামে। ব্রিজলালের ছেলে জয়প্রকাশ প্রায়ই দিদির সঙ্গে দেখা করতে যেত। সেই গ্রামে তার সঙ্গে এক কিশোরীর আলাপ হয়। তার বয়স ১৫। সে দশম শ্রেণির ছাত্রী। জয়প্রকাশ মঙ্গলবার মেয়েটিকে মোবাইলে ফোন করে বলে, গ্রামের বাইরে সে ও তার তিন বন্ধু এসেছে। মেয়েটির সঙ্গে সে বন্ধুদের আলাপ করিয়ে দিতে চায়।
জয়প্রকাশরা পুলিশের লোগো লাগানো গাড়ি নিয়ে এসেছিল। মেয়েটি গ্রামের বাইরে আসতেই তারা তাকে জোর করে গাড়িতে তোলে। দূরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে গাড়িতে তুলে তারা ফের হালিয়ার দিকে আসছিল। পথে গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। তারা গাড়িটিকে থামায়। মেয়েটি তখন চিৎকার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। পুলিশ সঙ্গে সঙ্গে জয়প্রকাশ ও তার তিন বন্ধুকে আটক করে। মেয়েটি হালিয়া থানায় গিয়ে সব কথা জানায়। ততক্ষণে সেখানে তার বাবাও ঊপস্থিত হয়েছিলেন। মঙ্গলবার জয়প্রকাশ ও তার তিন বন্ধুর বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।
জয়প্রকাশের তিন বন্ধুর নাম লব কুমার পাল, গণেশ প্রসাদ ও মহেন্দ্র কুমার যাদব। মহেন্দ্র সিআরপিএফের জওয়ান। সে সুলতানপুরে পোস্টেড। পুলিশ জানতে পেরেছে, গাড়িটির মালিক জয়প্রকাশ নিজেই। কীভাবে সে গাড়ির ওপরে পুলিশের লোগো লাগিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।