
শেষ আপডেট: 23 March 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: মশা (mosquito) মারতে কামান দাগার প্রবাদ সকলেরই জানা। কিন্তু মশার কামড়ের বিরুদ্ধে নালিশ ঠুকতে একেবারে পুলিশের (police) দ্বারস্থ হওয়া! এ যে আজব কাণ্ড।
ঠিক এমন ঘটনাই ঘটিয়েছেন উত্তরপ্রদেশের আসাদ খান (UP man) নামে এক ব্যক্তি। ১৯ মার্চ রাত ৩টেয় উত্তরপ্রদেশের সম্বল পুলিশের টুইটার হ্যান্ডলকে মেনশন করে একটি টুইট করেন তিনি। সেখানে পুলিশের কাছে তিনি চেয়ে বসলেন মশা তাড়ানোর ধূপ।
সদ্য কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আসাদ নামের ওই ব্যক্তির স্ত্রী। সন্তানের জন্ম দেওয়ার যন্ত্রণার পাশাপাশি, হাসপাতালের মশার উপদ্রব তাঁকে এবং দুধের শিশুটিকে অত্যন্ত বিড়ম্বনায় ফেলেছে, এমনই অভিযোগ আসাদের। সেই কারণেই গভীর রাতে প্রশাসনের দ্বারস্থ হয়ে মশা তাড়ানোর ধূপ চাইলেন তিনি।
এই টুইটের উত্তরে দ্রুত ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। মশা তাড়ানোর ধূপ নিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই হাসপাতালে পৌঁছে যান পুলিশকর্মীরা। টুইটে কাজ হওয়ায় খুশি আসাদ।
তিনি বলেন, রাত ২.৪৫ নাগাদ আমার স্ত্রী এবং শিশুকন্যাকে মশার অত্যাচারে জর্জরিত হতে দেখে কার কাছে সাহায্য চাইব বুঝতে পারছিলাম না। সেই কারণেই উত্তরপ্রদেশ পুলিশের দ্বারস্থ হই। পুলিশ কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন আসাদ তাঁর সমস্যা সমাধানের জন্য।
বেঙ্গালুরুতে স্ত্রীকে কুপিয়ে মারল কলকাতার দর্জি, খুনের চেষ্টা ছেলেকেও