এমনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরে দু'বার করে এমন পর্যালোচনা বৈঠক করেন। সেই অর্থে এদিনের বৈঠককেও তেমনই পর্যালোচনা বৈঠক বলেই বলছেন নবান্নের আমলারা।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 December 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচন (Assembly Election) আর খুব বেশি দূরে নয়। হাতে মাত্র মাস তিনেক সময়। তার আগে মঙ্গলবার নিজের সরকারের সব দফতরের কাজের খতিয়ান খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সভাঘরের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ প্রতিটি দফতরের মন্ত্রী, সচিব, আমলা, প্রতিটা জেলার জেলাশাসক, পুলিশ সুপার (Unnoyoner Panchali)।
এমনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরে দু'বার করে এমন পর্যালোচনা বৈঠক করেন। সেই অর্থে এদিনের বৈঠককেও তেমনই পর্যালোচনা বৈঠক বলেই বলছেন নবান্নের আমলারা। তবে শিয়রে ভোট, সেই কথা মাথায় রেখে বলা যায়, মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন দফতরের দিকে বিশেষ গুরুত্ব দেন, সেদিকে নজর থাকবে।
কারণ এই ধরনের বৈঠকে মুখ্যমন্ত্রী মূলত দফতর ধরে ধরে খতিয়ান নেন। কোনও দফতর ভাল কাজ করলে যেমন সাধুবাদ জানান, তেমনি কোনও দফতরের কাজে খুশি না হলে মমতা সকলের সামনেই তিরষ্কার করেন। ভোটের বছরে বিশেষ নজরে যেসব দফতরগুলো আছে বলে আমলা মহলে খবর, তার মধ্যে রয়েছে পঞ্চায়েত, পূর্ত, স্বাস্থ্য, প্রভৃতি। তবে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলার মধ্যে উন্নয়নমূলক কর্মসূচিতে যাতে কোনও বাধা না পড়ে, তা দেখার জন্য সোমবারই জেলাশাসকদের একদফা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবারও মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব-সহ সব জেলাশাসক, বিডিও, এসডিও। সেখানেও মূল বিষয় ছিল উন্নয়ন। তাছাড়া সাধারণ মানুষের সরকারি পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে কিনা, জেলায় রাস্তাঘাট ঠিকঠাক আছে কিনা, বাংলার বাড়ির টাকা দ্রুত দিয়ে দেওয়া ইত্যাদি নিয়েও কথা হয়। তবে সোমবারের বৈঠকে এসআইআর (SIR West Bengal) প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আজ বৈঠকে কোনওভাবে এসআইআর (West Bengal News) প্রসঙ্গ ওঠে কিনা তা দেখার বিষয়। যদিও আজকের বৈঠক লাইভ প্রচার হওয়ার কথা। সেক্ষেত্রে এসআইআর প্রসঙ্গ ওঠার সম্ভাবনা কম বলেই অনেকে মনে করছেন।