
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 April 2025 20:47
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর কাণ্ডের ( Kashmir incident) জেরে বাংলার সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব (Union Home Secretary) গোবিন্দ মোহন। তাঁর সঙ্গে রাজ্য (west bengal) সফরে আসার কথা বিএসএফের ডিজিরও।
রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সূত্রের খবর বৈঠকে বিএসএফ, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, সিআরপিএফ, সিআইএসএফ, এনআইএ সহ একাধিক এজেন্সির কর্তাব্যক্তিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
জানা যাচ্ছে, ২৮ এপ্রিল এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে ওই বৈঠক পিছিয়ে ২ মে করা হয়েছে।
পহেলগামে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বও গাঢ় হয়েছে বলে মনে করছে ওয়াকবিহাল মহল।
সূত্রের খবর, এমন পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী এলাকার সুরক্ষা খতিয়ে দেখতেই মূলত রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। ওই বৈঠক থেকে সীমান্ত সুরক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপ করা হবে বলেই মনে করা হচ্ছে।