
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 16 November 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: মেলেনি যোগ্য প্রার্থী। তাই ইন্টারভিউ হলেও উপাচার্য নিয়োগ সম্ভব হয়নি রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে। সে কারণেই ফের নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ চলছে। শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই উপাচার্য নিয়োগ হলেও শুধু মাত্র এই দুটি বিশ্ববিদ্যালয়ে তা হয়নি।
২০২৩ সালের অগস্ট মাস থেকে ফাঁকা রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ। সেই শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ করা যায়নি। যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাঁদের কাউকেই যোগ্য বলে মনে হয়নি সার্চ কমিটির। সেই কারণেই উপাচার্য পদ এখনও ফাঁকা রয়েছে।
অন্যদিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য আবেদন করেছিলেন প্রায় ১০০ জন। তার মধ্যে ১৫ জনকে বেছে নেওয়া হয়। সেখান থেকে বাছাইয়ের পর ডাক পান তিন জন। সূত্রের খবর, তাঁদের মধ্যে কোনও এক উপাচার্য পদপ্রার্থীকে সার্চ কমিটির সদস্যের পছন্দ না হওয়ায় ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছিলেন। তার জেরে বাতিল হয়ে যায় প্যানেল।
উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সার্চ কমিটি গঠন হয়েছে। সার্চ কমিটি স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য ৮ জন প্রার্থীর ইন্টারভিউ নিয়েছিল। কিন্তু এদের কাউকেই উপাচার্য পদের যোগ্য বলে মনে হয়নি সার্চ কমিটির। সেই কারণেই এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা যায়নি। ২০২৩ সালে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে পদ থেকে সরিয়ে দেন। তারপর থেকেই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ফাঁকা রয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে উপাচার্য পদপ্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়েছে বলে খবর। এরপর মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে নাম বাছাই করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানোর পরই তাতে সিলমোহর পড়বে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্থায়ী উপাচার্য নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগে। সে কারণেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা করতে ফেলতে চাইছে উচ্চ শিক্ষা দফতর। সে কারণেই নতুন করে জারি হয়েছে বিজ্ঞপ্তি। এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের ১০ বছরের বেশি অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি গবেষণা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।