
শেষ আপডেট: 16 October 2023 13:52
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বোতল কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল দুই কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়।
সোমবার ধর্মদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি খালি জলের বোতল পড়ে থাকতে দেখে কুড়োতে গিয়েছিল দুই কিশোর। সেখানে তারা বোতলের পাশে লোহার বস্তু পড়ে থাকতে দেখে। সেটিকে হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। দুজনেই জখম হয়ে মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই দুই কিশোরকে জখম অবস্থায় উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যান।
একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অন্যজনের অবস্থা গুরুতর। তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
পঞ্চায়েত ভোট অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। শেষ হয়েছে বোর্ড গঠনের প্রক্রিয়াও। তবু গ্রামাঞ্চলে বোমাতঙ্ক যেন কাটতে চাইছে না। উৎসবের মরশুমেও সন্ত্রাসের আবহ থেকে মুক্তি পাওয়া যায়নি। কয়েকদিন আগে হরিহরপাড়ায় বোমা ফেটে মৃত্যু হয় এক ব্যক্তির। কলাবাগানে লুকিয়ে এক সঙ্গীকে নিয়ে বোমা বাঁধছিল সেই ব্যক্তি। সেই সময়ই বিস্ফোরণ ঘটে।