
শেষ আপডেট: 29 December 2023 12:49
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এগরোল খেতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রের। বৃহস্পতিবার সন্ধেবেলা দুই সহপাঠী সুরেশ রায়(১৭) ও প্রীতম মণ্ডল(১৭) বাইক নিয়ে তালবোনা কলোনির বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিল। প্রায় দশ কিলোমিটার দূরে পান্ডুয়া বাজারে দুজনে এগরোল কিনে খায়। ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, বাইক চালাচ্ছিল প্রীতম। পিছনে বসেছিল সুরেশ। তিন্না ষষ্ঠীপুকুরের কাছে জিটি রোডে একটি চারচাকা গাড়ি তাদের ধাক্কা মেরে চলে যায়। দুই বন্ধু বাইক নিয়ে পান্ডুয়া থেকে সিমলাগড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি বিপরীত দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিল। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে দুই ছাত্র। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাদের দুজনকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
সুরেশ ও প্রীতম দুজনেই ক্লাস ইলেভেনে পড়ত। সুরেশের বাবা ববি রায় গাড়ি চালান। প্রীতমের বাবা নিরঞ্জন মণ্ডল ট্রেনে হকারি করেন। পুলিশ জানিয়েছে দুজনের মাথাতেই হেলমেট ছিল না। তাতেই এমন ভয়াবহ দুর্ঘটনা। ঘাতক গাড়িটির সন্ধান চালানো হচ্ছে।