কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৬ জঙ্গি, তিনটি অভিযানে সাফল্য সেনার, শহিদ দুই জওয়ানও
দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গিদমনে বড় সাফল্য ভারতীয় সেনার। বৃহস্পতিবার কাশ্মীরে তিন-তিনটি পৃথক অভিযানে নিহত ২ পাক জঙ্গি-সহ মোট ৬ জন সন্ত্রাসী। প্রাণ দিয়েছেন দুই ভারতীয় সেনাও। এর পরে আজ শুক্রবার সকালে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয় কুলগাম এল
শেষ আপডেট: 9 July 2021 04:04
দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গিদমনে বড় সাফল্য ভারতীয় সেনার। বৃহস্পতিবার কাশ্মীরে তিন-তিনটি পৃথক অভিযানে নিহত ২ পাক জঙ্গি-সহ মোট ৬ জন সন্ত্রাসী। প্রাণ দিয়েছেন দুই ভারতীয় সেনাও। এর পরে আজ শুক্রবার সকালে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয় কুলগাম এলাকা।
জানা গেছে, কাশ্মীরের পুলওয়ামা এবং কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় চার লস্কর জঙ্গি।
কুলগামের হাইওয়েতে বড় ধরনের নাশকতার ছক ছিল ২ জঙ্গির। আর একটা পুলওয়ামা কাণ্ড হলেও হতে পারত, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। সেনা সূত্রের খবর, ওই দুই জঙ্গি একটি সাধারণ
মারুতি গাড়িতে করে যাচ্ছিল। একটি সেনা চেকপোস্টে তাদের আটকানো হলে আচমকাই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও, ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্ত্রাসবাদী।
অন্যদিকে, একই দিনে পুলওয়ামায় জওয়ানদের একটি কনভয়েও বোমা ছোড়ে জঙ্গিরা। সে সময়েই সেনার তৎপরতায় পাল্টা গুলি চলে, খতম হয় দুই জঙ্গি।
পাশাপাশি, রাজৌরিতে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার খুব কাছেই পাক জঙ্গিদের নিকেশ করে ভারতীয় জওয়ানরা। সেনা সূত্রের খবর, সীমান্তে অনুপ্রবেশের খবর পেয়ে জওয়ানদের একটি তল্লাশি টিম ওই এলাকায় টহল দেওয়ার সময়ে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তাঁদের লক্ষ্য করে। গ্রেনেডও ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। নিকেশ হয় দুই পাকিস্তানি জঙ্গি।
যদিও এই গুলির লড়াইয়ে শহিদ হন দুই ভারতীয় জওয়ানও। নায়েব সুবেদার শ্রীজিথ এম এবং সেপাই মারুপ্রলু যশবন্ত রেড্ডির মৃত্যুতে শোকের ছায়া সেনামহলে। নিহত জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ বন্দুক, প্রচুর গুলি উদ্ধার হয়েছে। অনুমান, উপত্যকায় সন্ত্রাস ছড়াতে বেশ তৈরি হয়েই এসেছিল জঙ্গিরা।
জম্মু-কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, এই ৬ জঙ্গি মারার ঘটনা ভারতীয় সেনার দুর্দান্ত সাফল্য। এর পরেও উপত্যকায় জঙ্গিদের রুখতে জারি থাকবে অভিযান।