
শেষ আপডেট: 18 October 2023 20:23
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার পর শিলিগুড়ি। ফের সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনার জেরে চতুর্থীতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের খুদিগজ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশ থেকে গরু নিয়ে এক ব্যক্তি কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময় সীমান্তের পাহারায় থাকা জওয়ানেরা বারংবার তাঁকে নিষেধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ। গরুকে নিয়ে হনহন করে পায়ে হেঁটে সীমান্ত টপকে এদেশে ঢুকে যায়। এরপরই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে জওয়ানরা।
ঘটনাস্থলেই মৃত্যু হয় পাচারকারীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসি দেওয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সন্ধে পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও।
এর আগে সেপ্টেম্বরের শেষে নদিয়ার ভীমপুরের রাঙিয়া পোতা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক অনুপ্রবেশকারীর। তার কাছ থেকে এক বস্তা ফেনসিডিল বাজেয়াপ্ত করেছিল বিএসএফ। সাম্প্রতিক সময়ে সীমান্তে অনুপ্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছে বিএসএফ। সেজন্য সীমান্তের নজরদারি আরও তীক্ষ্ন করা হচ্ছে বলে বিএসএফ সূত্রের খবর।