দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই উন্নতমানের পরমাণু চুল্লিগুলিকে আরও আধুনিক করে তোলার জন্য এক আইন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পরমাণু শক্তি দফতরের এক গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞ রীতা বারানওয়ালকে চান তিনি। সেনেট অনুমোদন করলে রীতা হবেন ওই দফতরের সহকারী সচিব।
বারানওয়াল এখন গেটওয়ে ফর অ্যাকসিলারেটেড ইনোভেশন ইন নিউক্লিয়ার ইনিশিয়েটিভ নামে এক সংস্থার ডিরেক্টর। তিনি এমআইটি থেকে মেটিরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পিএইচডি করেন ইউনিভার্সিটি অব মিশিগান থেকে। সম্প্রতি তিনি এক ভাষণে বলেন, পরমাণু প্রযুক্তিকে ব্যবহার করে বিপুল পরিমাণে দূষণহীন শক্তি পাওয়া যেতে পারে। এ বিষয়ে সারা বিশ্বকে পথ দেখতে পারে আমেরিকা।
তাঁর কথায়, আমরা বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু শক্তি উৎপাদন শুরু করেছি । এর ফলে আমাদের দেশের চেহারাটাই বদলে যাবে । আমরা পরিবেশ দূষণের সঙ্গে লড়াই করতে পারব । পাশাপাশি প্রয়োজনীয় শক্তি উৎপাদন করাও সম্ভব হবে ।