
শেষ আপডেট: 14 February 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু ভোট ত্রিপুরায় (Tripura Election)। তার আগে মঙ্গলবার প্রচারের শেষ প্রহরে ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালি গোস্বামীকে ঘিরে ধরে ব্যাপক হেনস্থা (Hackled) করার ঘটনা ঘটেছে। অভিযোগ, বিজেপিরই (BJP) মহিলা মোর্চার একটি অংশ ধর্মনগরে (Dharmanagar) বর্ণালিকে ধরে টানহেঁচড়া করে। মহিলা কমিশনের চেয়ারপার্সনের হাত কেটে গিয়েছে বলেও খবর। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
বর্ণালি দীর্ঘদিনের বিজেপি নেত্রী। মহিলা মোর্চার পদাধিকারীও ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর তাঁকে মহিলা কমিশনের চেয়ারপার্সন করেছিল। বর্ণালি আরএসএস-এর সংগঠক ছিলেন। স্কুল জীবন থেকে সঙ্ঘের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এখন প্রশ্ন হল, কেন তাঁকে বিজেপির লোকজনই ঘিরে ধরে হেনস্থা করল?
ধর্মনগরে বিজেপির প্রার্থী বিশ্ববন্ধু সেন। গতবারও তিনি জিতেছিলেন। বিজেপির একটি অংশের অভিযোগ, এবার বর্ণালি চেয়েছিলেন তাঁকে প্রার্থী করুক পার্টি। কিন্তু টিকিট না পাওয়ার পর থেকেই তিনি অন্তর্ঘাতে নেমেছেন। এদিন বিজেপির এক মহিলা কর্মী সংবাদমাধ্যমের সামনেই বলেন, সুদীপ রায় বর্মনের সঙ্গে বোঝাপড়া করেই বর্ণালি ধর্মনগরের বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্ববন্ধু সেনকে হারানোর কাজ করছেন। ঘরে ঘরে গিয়ে বলছেন কংগ্রেসকে ভোট দিতে।
বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
যাই হোক না কেন। শেষলগ্নে ধর্মনগরে বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবিটা বেরিয়ে পড়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম, কংগ্রেস। সিপিএম নেতা পবিত্র কর বলেন, এখনও গোটা বুধবার ও বৃহস্পতিবার পড়ে রয়েছে। জানি না আরও কত বিজেপির কর্মী নিজেদের দলের হাতেই আক্রান্ত হবেন।
ত্রিপুরা হবে বিরোধীশূন্য, শেষ প্রচারে হুঙ্কার মানিকের, জোট বলছে, নিজে জিতবেন তো?