
শেষ আপডেট: 11 February 2023 07:27
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura election 2023) আগে আগরতলায় গিয়ে অভিনব স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রধানমন্ত্রী বিপ্লব দেবকে পাশে নিয়ে স্লোগান দিয়েছিলেন, ‘মানিক সরিয়ে দিন, আমি আপনাদের হিরে দেব। বিজেপিকে জেতান, হিরে পাবেন।’
সওয়া চার বছরের মাথায় সেই হিরে অর্থাৎ বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। আর মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা। সেই আবহে, শনিবার ত্রিপুরায় জোড়া জনসভা করছেন মোদী।
বিজেপি কোনও রাজ্যেই মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে যায় না। কিন্তু যে রাজ্যে সরকার থাকে সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রীকে মুখ করেই লড়ে। যেমন ২০১৭ সালে যোগী আদিত্যনাথকে বিজেপি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করবে তা কে জানত? কিন্তু সেটাই হয়েছিল। আবার ২০২২-এ পাঁচ বছর সরকার চালানো যোগীকে মুখ করেই ভোটে লড়েছিল বিজেপি।
ত্রিপুরায় মেয়াদ শেষের ন’মাস আগে মুখ্যমন্ত্রী বদল করে দিয়েছিল গেরুয়া শিবির। মানিক শেষ ন’মাস সরকার চালিয়েছিলেন। কিন্তু তেইশের ভোটে কোনও নেতাই বলছেন না যে মানিক সাহার নেতৃত্বে সরকার হবে।
অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং—সবাই ত্রিপুরায় প্রচারে গিয়েছেন। কিন্তু কেউ বলেননি মুখ্যমন্ত্রী যে মানিক সাহাই হবেন। ফলে ত্রিপুরার রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে মোদীর বক্তৃতার দিকে। প্রধানমন্ত্রী কি মানিক সাহার নাম করে বলবেন?
অনেকের মতে, বিজেপি বিড়ম্বনায় পড়েছে এখানেই। না পারছে গিলতে, না পারছে উগরোতে। মানিকের প্রশংসা করলে সিপিএম-কংগ্রেস এই বলে শেষ কয়েকদিন বাজার মাত করবে যে বিপ্লব ব্যর্থ ছিলেন। আবার না করলেও প্রশ্ন উঠতে পারে, এই বিপ্লবকেই তো পাঁচ বছর আগে হিরে বলেছিলেন মোদী নিজে। এখন দেখার প্রধানমন্ত্রী আমবাসা আর উদয়পুরের সভায় কী বলেন ত্রিপুরায়।
জিত্তি ভাইয়ের সঙ্গে মমতা-কার্তিকের ছবি দেখিয়েছিলেন শুভেন্দু, পাল্টা দিলেন দিদির ভাই