মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের খবর ছড়াতেই ভাটপাড়া-জগদ্দল অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে

শেষ আপডেট: 13 September 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জগদ্দল থানা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ে। পরে জানা যায় ওই ব্যক্তি ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী মহম্মদ ইসহাক ওরফে হীরা কুরেসি।
এদিন সকালে বাসুদেবপুর এলাকার কেউটিয়া মোড়ের কাছে খালের ধারে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদ্দল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাঁকে। যদিও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের খবর ছড়াতেই ভাটপাড়া-জগদ্দল অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক টানাপড়েন। ভাটপাড়া পুরসভার ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “ওকে খুন করেই হত্যা করা হয়েছে। এটা আমরা নিশ্চিত। কে বা কারা এর পিছনে রয়েছে, তা পুলিশ তদন্ত করুক। আমরা চাই দোষীদের শাস্তি হোক।”
পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। তবে কেন এই খুন, তা এখনও স্পষ্ট নয়। খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ রয়েছে,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্গাপুজোর প্রাক্কালে হঠাৎ এমন ঘটনা নতুন করে অশান্তির আবহ তৈরি করতে পারে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা। এলাকার শান্তি রক্ষার জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।