West Bengal Elections 2026: রীতি মেনে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে বায়োডেটা (Bio Data) নেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল (TMC)।

ছবি: এআই
শেষ আপডেট: 17 February 2026 13:10
দ্য ওয়াল ব্যুরো: ইস্তেহারের খসড়া চূড়ান্ত করা থেকে শুরু করে সম্ভাব্য প্রার্থীর (TMC Candidate) নাম নিয়ে অঙ্ক কষা, আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে সব মিলিয়ে রাজনৈতিক মহলে এখন চরম ব্যস্ততা। সেই আবহেই রীতি মেনে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে বায়োডেটা (Bio Data) নেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল (TMC)।
২০২১-এর নির্বাচনের পর পাঁচ বছরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বহু পরিবর্তন এসেছে। গতবার যাঁরা প্রার্থী ছিলেন, তাঁদের সকলেই কি আবার টিকিট (TMC Ticket) পাবেন? না কি একঝাঁক নতুন মুখ সামনে আসবে? সেলিব্রিটি প্রার্থীর চমক থাকবে কি? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
তৃণমূল ভবনে বসানো হয়েছে বিশেষ বায়োডেটা বক্স। দলের যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা (Assembly Election) কেন্দ্র উল্লেখ করে সেখানে আবেদনপত্র জমা দিতে পারবেন। দলীয় সূত্রে খবর, একাধিক কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়নের পাশাপাশি ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সমীক্ষা রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। তবু দীর্ঘদিনের প্রথা বজায় রেখেই আবেদন বাক্স চালু রাখা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে কমিশন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই যে প্রশ্নটি উঠেছে তা হল— ভোট (West Bengal Election 2026 date) ঘোষণা হবে কবে? তা কি মার্চ মাসের প্রথম সপ্তাহেই হয়ে যাবে?
কমিশন এবং শাসক দল বিজেপি— দুটি সূত্রেই দাবি যে এবার তুলনামূলক অনেক কম দফায় ভোট গ্রহণ হবে। ২ থেকে ৩ দফায় ভোট সেরে ফেলবে কমিশন। এটা ঠিক যে পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, কেরল, তামিলনাড়ুতে ভোট হবে। তবে বাংলা ছাড়া আর কোনও রাজ্যেই এক বা দু’দফার বেশি ভোট করাতে হয় না কমিশনকে।
সিইও দফতর সূত্রে এও খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনের ফুল বেঞ্চ আসবে কলকাতায়। প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যে যে বিষয়ে কমিশন খামতি চিহ্নিত করবে, সেগুলি নিশ্ছিদ্র করার নির্দেশ দেবে কমিশন। তার পর মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করা হতে পারে। এমনিতেও মার্চের প্রথম সপ্তাহে কমিশনের টিম আসার পর ৩ ও ৪ মার্চ দোলযাত্রা ও হোলি উৎসব রয়েছে। তার পরই দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে। তার আগে নয়।