জলপাইগুড়ির রাজগঞ্জে দেখা গেল এক বিরল ছবি। দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতা কোথায় যেন মিলিয়ে গেল ক্ষোভ আর পেটের লড়াইয়ের চাপে।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 29 November 2025 09:19
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির রাজগঞ্জে শুক্রবার দেখা গেল এক বিরল ছবি। দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতা কোথায় যেন মিলিয়ে গেল ক্ষোভ আর পেটের লড়াইয়ের চাপে। রাজ্যের নতুন টোটো রেজিস্ট্রেশন নীতির বিরুদ্ধে সিটুর (CITU) ডাকার মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) নেতা-কর্মীরাও! যার জেরে চরম অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসকদলের জেলা নেতাদের।
শুক্রবার দুপুরের পর থেকেই রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে জমায়েত হতে থাকেন টোটো ও ই-রিকশা চালকেরা। সিটুর ই-রিকশা ইউনিয়নের নেতৃত্বে প্রথমে স্লোগান, তারপর ক্ষোভ—নতুন রেজিস্ট্রেশন নীতি কেন? কেন বাড়ানো হল ফি? কেন TTEN পোর্টালের জটিল নিয়ম মানতে হবে? প্রশ্নের পাহাড় জমতেই পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অফিসে ঢোকার অনুমতি না দেওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায়। শেষে টোটো চালকেরা পথ অবরোধে বসে পড়েন। থমকে যায় যান চলাচল, থমকে যায় সরকারি কাজও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন হয়। কিন্তু রাজনৈতিক বিতর্কের আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছে। কারণ, সিটুর পতাকার পাশে এদিন দেখা গেল তৃণমূলের আইএনটিটিইউসি-র কর্মীদেরও। তাঁদের বক্তব্য,
“টোটো চালকদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হলে আমরা চুপ করে থাকব না। যাঁরা চালকদের স্বার্থে বলবেন, আমরা তাঁদের সঙ্গে থাকব—রাজনীতি নয়, এটা মানুষের পেটের লড়াই।”
এই অবস্থান যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে তা সহজেই বোঝা যায়। দলীয় নেতৃত্ব এ নিয়ে মুখ খুলতে নারাজ। দলবিরোধী মিছিলে যোগ দেওয়া নিয়ে জেলায় তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।
এদিন টোটো চালকদের ছ’টি মূল দাবি জমা পড়ে জয়েন্ট বিডিও-র কাছে।
দাবিগুলি হল
• ই-রিকশা চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা
• টোটো ও ই-রিকশার মধ্যে ভেদাভেদ তুলে দেওয়া
• TTEN পোর্টালের মাধ্যমে ৩০০ টাকায় এককালীন রেজিস্ট্রেশন
• শোরুম থেকে বাহন পোর্টালের রেজিস্ট্রেশন বাতিল
• রেজিস্ট্রেশনের সময়সীমা কমপক্ষে ৫ মাস বৃদ্ধি
• নতুন টোটো কেনার জন্য ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা
সরকারি নীতি নিয়ে টোটো চালকদের ক্ষোভ নতুন নয়। তবে সিটুর ডাকে তৃণমূলের কর্মীদের রাস্তায় নামা—রাজনীতি যে কখনও কখনও পেটের টানে হার মানে, তারই সবচেয়ে টাটকা ছবি দেখাল রাজগঞ্জ।।