
শেষ আপডেট: 21 March 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল। নদিয়ার গয়েশপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা।
অভিযোগ, পুরপ্রধানের অনুগামীরা দলেরই কাউন্সিলরকে ঘাড়ধাক্কা দেন। পাল্টা রুখে দাঁড়ান কাউন্সিলরের অনুগামীরা। দু'পক্ষের বচসা চরম আকার নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দু'পক্ষের চারজন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় কাউন্সিলর স্বপ্না অধিকারীর অভিযোগ, তাঁর ওয়ার্ডেই তাঁকে অন্ধকারে রেখে ১০০ কোটি টাকার কাজ করছেন পুরপ্রধান। যা আইন বিরুদ্ধে। স্বপ্নাদেবীর কথায়, "আমার ওয়ার্ডে আমাকে না জানিয়ে পুরপ্রধান কাজ করছিলেন। আমি কারণ জানতে চাওয়ায় পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়ের অনুগামীরা আমাকে ও আমার কর্মীদের মারধর করেছে।"
পাল্টা হিসেবে পুরপ্রধানের অনুগামী তথা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি পার্থপ্রতীম করের অভিযোগ, "কাউন্সিলর সব কিছুতে কাটমানি খায়। সে কারণে ওকে বাদ রেখেই চেয়ারম্যান কাজ করাচ্ছিলেন। এতেই উনি ক্ষিপ্ত হয়ে উন্নয়নের কাজে বাধা দিতে এসেছিলেন।"
দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।