নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। যার ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের দাবি, মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

শেষ আপডেট: 11 October 2025 11:49
শনিবার সকালে চরম ভোগান্তির মুখে পড়লেন হাওড়া-আমতা শাখার নিত্যযাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের ওই শাখায় দেরিতে ট্রেন চলাচল করায় ক্ষুব্ধ যাত্রীরা বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধে সামিল হন। সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়াগামী লোকাল ট্রেন বড়গাছিয়া স্টেশনে পৌঁছয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। তাতে কাজ না হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়।
নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন দেরিতে চলছে। যার ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের দাবি, মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন চাকরির জায়গায় দেরিতে পৌঁছই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাগ করে, চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছি। রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেল পুলিশ ও রেলের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে ট্রেন চলাচলে যাতে সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন তাঁরা। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান রেলের আধিকারিকরা। অনুরোধে বরফ না গলায় লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ। প্রায় দশজন অবরোধকারীকে আটক করেছে পুলিশ।