
শেষ আপডেট: 21 January 2019 14:15
ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, একটি চুরির তদন্ত করছিল তারা। সেই তদন্ত করতে গিয়েই বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি টালাহাসি এলাকায় সন্দেহভাজন একটি ট্রাককে থামতে বলেছিল তারা। ওই ট্রাকের ভিতরে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে দু'টি শিশু ছিল। এক বছরের একটি ছেলে ও দু'বছরের একটি মেয়ে ছিল।
ভিডিওয় দেখা যায়, ট্রাকটিকে থামাতেই ট্রাক থেকে দু'হাত ওপরে তুলে সারেন্ডারের মতো করে নেমে আসে ওই সন্দেহভাজন ব্যক্তি। তিনি আসলে ওই শিশু দু'টির বাবা। তিনি ওভাবে এগিয়ে যেতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই সকলকে অবাক করে ট্রাক থেকে নেমে আসে তাঁর দু'বছরের মেয়েটিও। বাবার মতোই হাত তুলে পুলিশের দিকে এগিয়ে আসে সে। এই জায়গা থেকেই প্রথমে ভাইরাল হওয়া ভিডিওটি ছড়িয়েছে।দেখা যায়, পুলিশকর্মীরা ট্রাকটির দিকে বন্দুক তাক করে ধরে রেখেছে। আর শিশুটি দু'হাত তুলে এক পুলিশের কাছে এসে দাঁড়িয়ে আছে। কোনও এক পথচারীর করা ওই ভিডিওয় একাধিক গলা শোনা যাচ্ছিল, কেউ বলছিল, "হে ঈশ্বর, ও বেরোতে চাইছে! কিন্তু পারছে না।" কেউ আবার বলছে, "ওর দিকে পুলিশ বন্দুক ধরে রেখেছে, ও হাত তুলে রেখেছে সে জন্য।"
দেখুন সেই ভিডিও। https://www.youtube.com/watch?time_continue=1&v=JE-6yAfKQSAভিডিওর এই অংশটা ভাইরাল হওয়ার পরেই নানা কথা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরে ফ্লোরিডা পুলিশ নিজেদের একটি ভিডিও প্রকাশ করেছে। ওখানে কর্তব্যরত পুলিশদের জামায় লাগানো ক্যামেরায় গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে বলে দাবি করেছে তারা।
সেই গোটা ঘটনার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছে ফ্লোরিডা পুলিশ। লিখেছে, "পুলিশ গাড়িটি থামিয়েছিল ঠিকই। তার পরে ওই ট্রাক থেকে অভিযুক্ত নেমে এসে আত্মসমর্পণও করে। পুলিশও বন্দুক উঁচিয়ে তৈরি ছিল অবস্থা অনুয়ায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু হঠাৎই, অপ্রত্যাশিত ভাবে দু'বছরের এক ছোট্ট মেয়ে ট্রাক থেকে নেমে এসে এবং তার বাবাকে অর্থাৎ ওই অভিযুক্তকে অনুকরণ করে হাত উপরে তুলে পুলিশের দিকে এগিয়ে যায়।"পুলিশের প্রকাশিত ওই ভিডিওয় দেখা যায়, বাচ্চাটি ওভাবে এগিয়ে আসতেই এক জন পুলিশ ওই শিশুকে শান্ত করার চেষ্টা করছেন। বলছেন "এখানে এসো, কিচ্ছু হয়নি তোমার। তুমি একদম ঠিক আছো। হাতগুলো নামাও, একদম ঠিক আছো তুমি।" এক বছরের অন্য একটি শিশু তখনও গাড়ির সিটে বসে ছিল। পরে সেখান থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়।