স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ৯টা নাগাদ হাজিবাগ মোড়ে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাজে গেছিলেন ২৮ বছর বয়সি আনার মোল্লা। সে সময় একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 June 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত বসিরহাট। সোমবার রাতে দুষ্কৃতী হামলায় নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কর্মী আনার মোল্লা। প্রথমে আততায়ীরা তাঁর উপর গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো পরে অস্ত্র দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ৯টা নাগাদ হাজিবাগ মোড়ে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাজে গেছিলেন ২৮ বছর বয়সি আনার মোল্লা। সে সময় একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন আনার। কিন্তু এখানেই শেষ হয়নি। গুলি চালানোর পর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ওই এলাকায় প্রায় ১২ থেকে ১৫ জন দুষ্কৃতী ছিল। তারা পায়ে হেঁটে এসে আচমকা গুলি চালায় এবং পরে ধারাল অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। এলাকায় একটি চায়ের দোকানে অনেকেই বসে ছিলেন সেই সময়। সকলের সামনেই গোটা ঘটনা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিবাদের প্রসঙ্গ উঠে আসছে। মনে করা হচ্ছে, সেকারণেই খুন। আনার মোল্লা স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তাঁর কোনও ব্যক্তিগত শত্রু সেভাবে ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় তৃণমূল নেতা খুনের ঘটনার মাঠে নেমেছে বিজেপি। সজল ঘোষ এনিয়ে কটাক্ষের সুরে বলেন, 'হয়তো দেখা যাবে, উনিও জমি মাফিয়া ছিলেন। বিবাদের জেরেই এই খুন হতে পারে।'
তবে এই নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।