কেন বাংলাকে অপছন্দ বিজেপির, কেন বাংলাকে বারবার অপমান করা হয় - এইসব প্রশ্ন তুলে শশীর ব্যাখ্যা, আসলে এই রাজ্য মিনি ভারতবর্ষ। সকল ধর্মের, ভাষার, জাতির মানুষ মিলে একসঙ্গে বসবাস করেন, সেটাই ওদের পছন্দ নয়।

জোড়াসাঁকোয় শশী পাঁজা
শেষ আপডেট: 8 November 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) বিজেপি সাংসদ (BJP MP) বিশ্বেশ্বর কাগেরির মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি দাবি করেছেন, ‘ইংরেজদের খুশি করতে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) লিখেছিলেন জনগণমন’ (Jana Gana Mana)। এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠে সাংবাদিক বৈঠক করেছিল তৃণমূল (TMC)। শনিবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ির (Jorasanko Thakurbari) সামনে করা হল প্রতিবাদ সভা।
এদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''সারা দেশ বাংলাকে নিয়ে গর্ব করে। রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করে। শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল বাংলাকে টার্গেট করেছে। বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।''
কেন বাংলাকে (West Bengal) অপছন্দ বিজেপির (BJP), কেন বাংলাকে বারবার অপমান করা হয় - এইসব প্রশ্ন তুলে শশীর ব্যাখ্যা, আসলে এই রাজ্য মিনি ভারতবর্ষ। সকল ধর্মের, ভাষার, জাতির মানুষ মিলে একসঙ্গে বসবাস করেন, সেটাই ওদের পছন্দ নয়। এই কারণেই বিজেপি বারংবার টার্গেট করে বাংলাকে। শশীর অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করতে সব সীমা লঙ্ঘন করছে বিজেপি। তারাই আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। কিন্তু সেই ঘটনা নিয়ে কোনও অনুশোচনা নেই।
তিনি আরও বলেন, জনগণমন-কে অপমান করা, রবীন্দ্রনাথকে অপমান করা দেশদ্রোহিতা কিনা সে প্রশ্ন থেকে যায়। কর্নাটকের ওই সাংসদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে বিজেপি কি তাঁকে সমর্থন করছে, যদি করে থাকে তাহলে কি এটা দেশদ্রোহিতা নয় - প্রশ্ন তুলেছেন শশী পাঁজা।
বিজেপি সাংসদ দাবি করেছিলেন, 'জনগণমন' মূলত ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে স্বাগত জানিয়ে লেখা হয়েছিল। তাঁর মতে, ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল 'বন্দে মাতরম'। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। কর্নাটকের শাসকদল কংগ্রেসও বিজেপির এই বক্তব্যের তীব্র নিন্দা করে।
বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁদের অভিযোগ ছিল, “বিজেপি কোনও দিনই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতে জানে না। এবারও পরিকল্পনামাফিক ইতিহাস বিকৃত করে কবিগুরুকে অপমান করছে।”
তৃণমূলের দাবি, বিজেপি ইতিহাস বিকৃত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। অন্যদিকে, বিরোধী শিবিরে এই বিতর্ক ফের রবীন্দ্রনাথকে ঘিরে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি বাড়িয়ে দিল।