দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল (Durgapur Medical College) কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের (Gang Rape) অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শশী পাঁজা
শেষ আপডেট: 11 October 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল (Durgapur Medical College) কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের (Gang Rape) অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণী ওড়িশার (Odisha) জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, কিছু দুষ্কৃতী তাঁদের পথরোধ করে অশালীন আচরণ করে, তারপর জোর করে তরুণীকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন শশী পাঁজা (Shashi Panja)।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, "দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন যে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এবং পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে। মেয়েটি ওড়িষার বাসিন্দা। তাঁর বাবা-মা এখানে চলে এসেছেন এবং আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকার এবং পুলিশি তদন্তের উপর।"
তাঁর কথায়, "ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছেন। মহিলার উপরে কোনও অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যের। পুলিশের এই তদন্ত চলতে দেওয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজ্য সরকার সহানুভূতি রাখে এবং যারা ভারতীয় জনতা পার্টির যারা এরকম মন্তব্য করছেন তাঁদের বুঝতে হবে এরকমই এক মহিলা শিক্ষার্থীর উপর অপরাধ হল, তাঁকে গায়ে আগুন দিল, মারা গেল। এগুলো হওয়া উচিত নয়। সেখানে বিজেপি সরকার। ফলে রাজনৈতিক ফায়দা তলার জন্য কোনও মন্তব্য করা উচিত নয়।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ কলেজের বাইরে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিযুক্তরা নির্যাতিতার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়, এবং সঙ্গে থাকা যুবককে মেরে ফেলার হুমকি দেয়। সেই সময় যুবকটি পালিয়ে গেলেও পরে আহত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করেন তিনিই। বর্তমানে ওই তরুণী চিকিৎসাধীন, তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ।
পুলিশ ইতিমধ্যেই তরুণীর সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, “তদন্ত সংবেদনশীল পর্যায়ে চলছে। নতুন তথ্য পেলে জানানো হবে।”
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে নির্যাতিতার পরিবার ওড়িশা থেকে দুর্গাপুরে পৌঁছান। মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তরুণীর বাবা। তিনি জানিয়েছেন, পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে।
এদিকে, স্বাস্থ্যভবন সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
এই ঘটনার তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশনও। শুক্রবার দুপুরে দুর্গাপুরে পৌঁছান কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। ঘটনার জেরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। দোষী সাব্যস্ত হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আদালত সেই মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়।