
ফাইল ছবি
শেষ আপডেট: 2 May 2025 22:24
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে যখন মুর্শিদাবাদ জ্বলছিল তখন সোশ্যাল মিডিয়ায় 'ফুরফুরে' ছবি দিয়েছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তা নিয়ে কম ক্ষুব্ধ হননি সাধারণ মানুষ। তবে এবার তিনি চিঠি (Letter) লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। তাও আবার চার দফা দাবি জানিয়ে। না, ইস্যু মুর্শিদাবাদ নয়। পাঠান ওড়িশায় 'আক্রান্ত' বাঙালি পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে চিঠি লিখেছেন তাঁকে।
ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা, অত্যাচারের একাধিক অভিযোগ রয়েছে। সেই নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ ইউসুফ। চার দফা দাবি করে তাঁর বক্তব্য, আর কিছু না হোক, মানবিকতার স্বার্থে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। কী কী দাবি জানিয়েছেন পাঠান?
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই চিঠি প্রকাশ করা হয়েছে। ইউসুফ পাঠানের মূল চার দাবি, এক, হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দিতে হবে। দুই, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিন, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে দল পাঠাতে হবে এবং চার, ফিরে আসা শ্রমিকদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
এতদিন ধরে বিজেডি সরকারের আমল ছিল ওড়িশায়। অভিযোগ, তার বদলে বিজেপি সরকার হওয়ার পরই সেখানে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এক্ষেত্রে সরাসরি রাজ্যের শাসক দলকেই নিশানা করেছে তৃণমূল। অন্যদিকে, একই অভিযোগ করে আগে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজিকে চিঠি লিখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। এবার সুর চড়ালেন পাঠান।
বিগত কয়েক মাস ধরেই ওড়িশায় এমন ঘটনা ঘটছে বলে দাবি। কখনও তাঁদের মোবাইল ফোন এবং রোজগার করা অর্থ লুট করা হয়েছে, এমনকী কারও কারও আধার কার্ডও ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এইসব ঘটনাবলীর কথা মনে করিয়েই অমিত শাহকে চিঠি দিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ।