শ্রীরামপুরের সাংসদ তথা বর্ষীয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে (Shirshanna Banerjee) ওই আসনে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 March 2026 20:05
দ্য ওয়াল ব্যুরো: হুগলির রাজনীতিতে ‘পারিবারিক’ অভিষেক। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার (TMC Candidate List 2026) পর চমক দেখা গেল উত্তরপাড়া (Uttarpara TMC Candidate) কেন্দ্রে। শ্রীরামপুরের সাংসদ তথা বর্ষীয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে (Shirshanna Banerjee) ওই আসনে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপাড়ায় ইতিমধ্যেই বামফ্রন্টের তরফে লড়াকু নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee CPIM) নাম ঘোষণা করা হয়েছে, ফলে দুই পরিচিত মুখের লড়াইয়ে এই কেন্দ্র থেকে চোখ ফেরানো মুশকিল।
ছেলের টিকিটে খুশি কল্যাণ
পেশায় আইনজীবী শীর্ষাণ্যকে প্রার্থী করার সিদ্ধান্তের পর মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। শীর্ষাণ্য ছাত্র রাজনীতি থেকেই দলের সঙ্গে যুক্ত। বর্তমানে ও একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আমি বিশ্বাস করি, ও রাজনীতিতে আমার থেকেও অনেক ভাল কাজ করবে।”
কে এই শীর্ষান্ন?
তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতি থেকে উঠে আসা শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতা হাইকোর্টের পরিচিত মুখ। একাধিক চাঞ্চল্যকর ও সংবেদনশীল মামলায় রাজ্যের হয়ে সওয়াল করে নজর কেড়েছেন তিনি। আরজি কর কাণ্ড থেকে শুরু করে প্রাথমিক ও এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় তিনি আইনি লড়াইয়ে শামিল ছিলেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক মৃত্যু, বেআইনি হোর্ডিং সংক্রান্ত মামলা এবং সন্দেশখালির গণধর্ষণ মামলার মতো ইস্যুতেও তিনি আদালতে সওয়াল করেছেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় হাল ধরেছিলেন কল্যাণ-পুত্র।
উত্তরপাড়া একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে অভিনেতা কাঞ্চন মল্লিক তৃণমূলের টিকিটে এখান থেকে জয়ী হয়েছিলেন। তবে এবার কাঞ্চনকে সরিয়ে তরুণ আইনজীবী শীর্ষাণ্যকে আনা এবং প্রতিপক্ষ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতি— সব মিলিয়ে উত্তরপাড়ার লড়াই এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এখন দেখে নেওয়া যাক হুগলি থেকে আর কাদের কোথা থেকে টিকিট দিয়েছে তৃণমূল।