
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
শেষ আপডেট: 19 August 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডে ধর্মঘটী ডাক্তার, প্রতিবাদী-আন্দোলনকারীদের হুমকি দিলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী। কর্মবিরতি করা ডাক্তারদের উদ্দেশে বলেন, হাসপাতালে চিকিৎসা না পেলে এবার জনরোষ আছড়ে পড়বে। চিকিৎসা না পেয়ে জনতা যদি এবার হামলা চালায় তাহলে আমরা আপনাদের রক্ষা করব না। আন্দোলনের নামে আপনারা বাড়ি যাচ্ছেন, এবং পুরুষ বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছেন। তবে মনে রাখবেন, আপনাদের ধর্মঘটের কারণে যদি কোনও রোগীর মৃত্যু হয় এবং জনরোষ আপনাদের উপর আছড়ে পড়ে, তাহলে আমরা কিন্তু আপনাদের বাঁচাতে আসব না। বাঁকুড়ায় একটি সভামঞ্চ থেকে এই হুমকি দেন অরূপ চক্রবর্তী।
তৃণমূল নেতা উদয়ন গুহ এর আগে বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাঁরা নিন্দামন্দ করছেন, তাঁর দিকে আঙুল তুলছেন, আমরা তাঁদের আঙুল ভেঙে দেব। প্রায় সেই সুরেই অরূপ চক্রবর্তীও বলেন, এতদিন কিছু বলিনি, এবার দলনেত্রী, রাজ্য সরকার ও তৃণমূলের নামে কেউ কুৎসা করলে আর রেহাই মিলবে না, আর রবীন্দ্র সঙ্গীতও বাজবে না...। বাকিটা বুঝে নিতে হবে বলে তিনি জানান।
রবিবার বিকেলে আর জি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত এক মিছিল শেষে আকাশ মুক্তমঞ্চে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ওই সভা মঞ্চ থেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত ও কর্মবিরতিতে থাকা ডাক্তার, পড়ুয়াদের কড়া হুঁশিয়ারি দেন সাংসদ অরূপ চক্রবর্তী।
পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তবে জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা শোনা তাঁর মুখে। তিনি বলেন, একজন ভালো মানুষ পুলিশ সুপারের সুযোগে কোনও কোনও থানার আধিকারিক বিজেপি-সিপিআইএমকে সুযোগ করে দিচ্ছেন। মনে রাখবেন আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে। নিরপেক্ষভাবে কাজ করুন তৃণমূল কর্মীরা সব নজর রাখছে বলে তিনি দাবি করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও নিজের অবস্থানে অনড় থাকেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূলের নামে কুৎসা করলে আর রবীন্দ্র সঙ্গীত গাইব না, ব্যবস্থা নেবে কর্মীরা।