
শেষ আপডেট: 16 November 2023 19:57
দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার দিন বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। পারিবারিক সূত্রে খবর, দিদির কাছ থেকে ফেরার পরেই বাড়িতে আচমকা পড়ে যান তিনি। তাতেই গুরুতর চোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় বিধায়ককে কলকাতায় নিয়ে আসা হয়েছে ।
কী ঘটেছিল?
জানা গেছে, বুধবার ভাইফোঁটা উপলক্ষ্যে দিদির বাড়ি গিয়েছিলেন সৌমেন। দিদি অশ্রুকণা ভট্টাচার্যের থেকে ফোঁটা নেন। দুপুরে সেখানেই খাওয়া-দাওয়া সারেন তিনি। তারপর বাড়ি আসেন। বাড়ি ফিরে এসেই দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন মন্ত্রী। বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করার সময়ই পড়ে যান তিনি। গুরুতর চোট পান। তৃণমূল বিধায়কের পরিবারের দাবি, বাইরে থেকে ফিরে পোশাক পরিবর্তনের সময়ই দুর্ঘটনা ঘটে। পাজামার দড়ি পায়ে জড়িয়ে পড়ে যান তিনি।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সৌমেনকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেখানে তমলুকের প্রাক্তন মন্ত্রীর প্রাথমিক চিকিৎসা ও বেশ কিছু পরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। তারপরই প্রাক্তন মন্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে সৌমেনের। এর আগেও বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। বর্তমানে বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার ও অনুগামীরা।