
শেষ আপডেট: 14 November 2023 17:32
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরের তৃণমূল নেতা খুনের রেশ এখনও টাটকা। প্রকৃত অপরাধীকে ধরতে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। এরই মাঝে মোবাইল ফোনে খুনের হুমকি পেলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সংশ্লিষ্ট নম্বরটি জানিয়ে পুলিশে অভিযোগও জানিয়ছেন শওকত।
তৃণমূল বিধায়কের দাবি, রবিবার দুপুরে একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে। শওকত বলেন, “অচেনা নম্বর থেকে ফোন করে কদর্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপরই বলে, ‘গতকাল খুন করেছি। তোকেও খুন করে দেব’।”
এদিন ভাঙড়ে একটি দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তাঁর কাছে হুমকি ফোন আসে বলে জানিয়েছেন তৃণমূল নেতা নিজেই। ক্যানিং কিংবা ভাঙড়ে তাঁকে খুন করা হবে বলেও ফোনে হুমকি দেওয়া হয়। শওকত বলেন, “পুলিশ সুপারকে জানিয়েছি। তবে আমি শহিদ হতে ভয় পাই না।”একই সঙ্গে তাঁর দাবি, বিরোধী দল থেকেই কেউ খুনের হুমকি দিয়েছে।
সোমবার ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে বামনগাছি অঞ্চলের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে মারে মোটরবাইকে আসা আততায়ীরা। নিজের বাড়ির কাছেই খুন হন সইফুদ্দিন। দুষ্কৃতীদের মধ্যে কয়েকজন আলপথে মোটরবাইক নিয়ে পালিয়ে গেলেও ২ জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। গণপিটুনিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। অপর দুষ্কৃতীকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর শওকত মোল্লা দাবি করেন, খুনের ঘটনায় জড়িত সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরপর মঙ্গবার খুনের হুমকি পেলেন বিধায়ক শওকতও। গোটা ঘটনাটিকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিরোধীদের দাবি, শাসকের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা।