
ফোনে জাকির হোসেনকে খুনের হুমকি
শেষ আপডেট: 26 May 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ককে ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল বিধায়কের দাবি, হোয়াটস অ্যাপে বোমা মেরে খুনের হুমকি পেয়েছেন তিনি। ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন জাকির। বিষয়টি নিয়ে পুলিশকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং 'হুমকি' দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে একটি উড়ো ফোন এসেছে। ফোনে বিধায়ককে প্রাণে মেরে ফেলার 'হুমকি'ও দিয়েছে দুষ্কৃতীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এপ্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল।'
এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক বলেন, “আমার হোয়াটস অ্যাপে বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করা হয়েছে। লেখা হয়েছে বোমা মেরে দেব। সুতি থানায় আমি অভিযোগ করেছি। চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়।” তাঁর আরও অভিযোগ, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রেইড করিয়ে দেব। মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হয়েছে। গালাগালি করা হচ্ছে।”
এর আগে ২০২১ সালের ১৭ই ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে জাকির হোসেনকেই লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। কলকাতা যাওয়ার জন্য সুতির নিমতিতা স্টেশন থেকে যখন তিনি ট্রেন ধরতে যান, সেই সময় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন জাকির হোসেন সহ আরও বেশ কয়েকজন। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।
বিস্ফোরণের ঘটনার পর জাকির হোসেনের হাতে এবং পায়ে একাধিকবার অপারেশন হলেও এখনও তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। ওই ঘটনায় আহত হওয়ার পর জাকির হোসেনকে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ফের একবার ফোনে খুনের হুমকি আসায় কার্যত চিন্তায় ঘুম উড়েছে তৃণমূল বিধায়কের। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।