
তপন চট্টোপাধ্যায় (মাঝে)
শেষ আপডেট: 14 November 2024 21:52
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসির গাড়িচালক বালির টাকা তুলছে! এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পাকড়াও করলেন গাড়ি চালককে। তারপর তুলে দিলেন পুলিশের হাতে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন, কয়েকজন তাঁর কাছে অভিযোগ করেছিল যে, পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে। সেই মতোই বৃহস্পতিবার তিনি পৌঁছে যান ওই নির্দিষ্ট হোটেলে। তাঁর সঙ্গে ছিল পুলিশও। সেখান থেকেই আইসির গাড়িচালককে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোন করে জানাতে হত। তারপর গাড়ি পিছু দেড় থেকে দু'হাজার টাকা দিতে হত তাঁকে। দীর্ঘদিন ধরে এইভাবে তোলা আদায় করত সে। পুলিশ জেনেছে, গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত। এলাকার বাসিন্দাদের এও অভিযোগ, ওই হোটেলে মধুচক্র চলে। ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়।
স্থানীয় এক বাসিন্দা সহদেব মাহাতোর কথায়, বালির গাড়ি ছাড়াও রাতে ডাম্পার থেকে টাকা তুলতো সে। পাশাপাশি হোটেলে মেয়ে নিয়ে এসে রাতে নোংরামো করত। হোটেলের লোকেরা ভয় দেখালে ভয়ে এতদিন কিছু বলতে পারেননি।
এদিকে, বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের কথায়, ''রাতে খবর পেয়েছিলাম গোপাল টাকা তোলে। সেই মতো পদক্ষেপ নিয়েছি। যা করার পুলিশ করেছে। আমি শুধু সহযোগিতা করেছি।''