নিজের বাড়িতেই কীভাবে রহস্যমৃত্যু তৃণমূল নেতার? এই নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মীরা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়। তাঁরা জানান, মৃতের হাতে খাবার লেগেছিল, পা মাটি ছুঁয়ে ছিল- যা আত্মহত্যার চিহ্ন নয় বলেই মনে করা হচ্ছে।
.jpg.webp)
তৃণমূল নেতার দেহ উদ্ধার
শেষ আপডেট: 21 September 2025 00:45
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বর্ষীয়ান নেতা নিখিল নায়েকের (৫৮) রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে দুর্গাপুরের দশেরবাঁধ এলাকায় (TMC Leader Death)। শনিবার বিকেলে নিজের বাগানবাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ।
দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের কমলপুরে রয়েছে নিখিল নায়েকের বাগানবাড়ি। জানা গেছে, এদিন দুপুরে দোতলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখা যায়। খবর ছড়ানো মাত্রই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের কারণে বিপুল সংখ্যক সমর্থক ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে।
নিজের বাড়িতেই কীভাবে রহস্যমৃত্যু তৃণমূল নেতার? এই নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মীরা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়। তাঁরা জানান, মৃতের হাতে খাবার লেগেছিল, পা মাটি ছুঁয়ে ছিল- যা আত্মহত্যার চিহ্ন নয় বলেই মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের সঙ্গে কিছু প্রমাণও উদ্ধার করা হয়েছে।
দুর্গাপুর-পূর্ব পুলিশের ডিসি অভিষেক গুপ্তা বলেন, “পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দ্রুত ঘটনার রহস্য উন্মোচিত হবে।” রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারও ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, “নিখিলবাবু একজন বর্ষীয়ান নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশ যেন সঠিক তদন্ত করে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা, সমর্থক ও পুলিশের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষও দেখা দিয়েছে। তবে স্থানীয়রা আশা করছেন, পুলিশ দ্রুত ঘটনার প্রকৃত কারণ সামনে আনবে।