করোনা আক্রান্ত অতীন ঘোষ, আইসোলেশনে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য তিনি। তাঁর হাতেই রয়েছে কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। উত্তর কলকাতার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপাতত
শেষ আপডেট: 26 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য তিনি। তাঁর হাতেই রয়েছে কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। উত্তর কলকাতার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন
জানা গিয়েছে, এখনও পর্যন্ত অতীন ঘোষের শরীরে কোনও উপসর্গ নেই। তবে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকদের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। শুধু অতীন ঘোষই নন, তাঁর স্ত্রীর রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। উপসর্গ না থাকায় তাঁকেও বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
https://www.facebook.com/atin.ghosh.98/posts/1794442334055102
কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্প্রতি নিগমের স্বাস্থ্য আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে আসার কারণেই করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষের। অনেক বলছেন, সম্প্রতি কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অতীন ঘোষের সংস্পর্শে আসেন। তাই ফিরহাদকেও আইসোলেশনে যেতে হতে পারে। জানা গিয়েছে, মঙ্গলবারই একটি বৈঠকে যোগ দিতে অতীনবাবু পুরভবনে এসেছিলেন। পরে প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গেও ঘণ্টা দেড়েক বৈঠক করেন। বুধবার সন্ধ্যাতেই জানা যায় অতীনবাবু করোনা আক্রান্ত। সূত্রের খবর, অতীন ঘোষের রিপোর্ট আসার পরে বৃহস্পতিবার কলকাতা পুরভবন স্যানিটাইজড করা হতে পারে।
রাজ্যে প্রথম মন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু। প্রথমে বাড়িতে থাকলেও পরে তাঁর উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সুজিতবাবুকে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন বিধাননগরের বিধায়ক।
তারপর গত সপ্তাহ দেড়েক আগেই কোভিডে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ। মৃদু শ্বাসকষ্ট থাকায় তাঁকে বর্ধমান থেকে এনে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।
তবে মাঝে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। দু’মাস আগেই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ফলতার তিন বারের বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হিসাব রক্ষক তমোনাশ ঘোষের, সপ্তাহ খানেক আগেই এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে মারা যান। তবে জটু লাহিড়ী, দুলাল দাসের মতো বর্ষীয়ান বিধায়করা কোভিড জয় করে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন।