.webp)
শেষ আপডেট: 10 May 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি ইস্যুতে এবার তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পাল্টা অভিযোগ জানানোর প্রস্ততি শুরু করল জাতীয় মহিলা কমিশন।
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার অভিযোগ, "ভাইরাল ভিডিএয়র নেপথ্যে তৃণমূলের কারসাজি রয়েছে। সন্দেশখালিতে ভয়ের বাতাবরণ তৈরি করে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।" এ ব্যাপারে কমিশনেও অভিযোগ জানাচ্ছেন বলে জানিয়েছেন রেখাদেবী।
ঘটনার সূত্রপাত, গত শনিবার থেকে এখনও পর্যন্ত সন্দেশখালি কাণ্ডে তিনটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওকে (এই সংক্রান্ত কোনও ভিডিওয়র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে এদিনই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী শশী পাঁজা জানান, এ ব্যাপারে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে তদন্তের দাবিতে কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা।
শশী বলেন, "সন্দেশখালিতে নারী ধর্ষণের অভিযোগ শুধু বিজেপির সাজানো তা নয়, তাতে পূর্ণ মদত দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ভাইরাল হওয়া ভিডিও থেকে স্পষ্ট, সাদা কাগজে সই করিযে ধর্ষণের মিথ্যে অভিযোগ লেখানো হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে কেউ যাতে পদের অপব্যবহার করতে না পারেন, তাই ওনার বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি।"
এরপরই তৃণমূলের বিরুদ্ধে ভয়ের পরিস্থিতি তৈরির অভিযোগ এনেছেন রেখাদেবী।
গত শনিবার সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের যে ভিডিও ফাঁস হয়েছিল, তাতে গঙ্গাধর স্পষ্টতই জানিয়েছেন, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন।
ওই ঘটনার পর আরও দুটি ভিডিও ভাইরাল হয়। তাতে এক নির্যাতিতাকে বলতে শোনা যাচ্ছে, 'সাদা কাগজে সই করিয়ে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। পরে আমরা অভিযোগ তুলে নিতে চাইলে হুমকিও দেওয়া হয়'।
প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর তদন্তে এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেন রেখা শর্মা। সেই সময় তিনি জানিয়েছিলেন, "সন্দেশখালির মহিলাদের ওপর নারকীয় অত্যাচার করা হয়েছে। পুলিশ কোনও অভিযোগ নেয়নি। ১৮ জন মহিলা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে দুটি ধর্ষণের অভিযোগও রয়েছে।"