আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন (West Bengal Assembly)। এবারে প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এই অধিবেশনে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 5 June 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন (West Bengal Assembly)। এবারে প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এই অধিবেশনে। শুরুতে সেনাবাহিনীকে সম্মান প্রদর্শন করে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রস্তাব আনবে শাসক দল(টিএমসি)। সেক্ষেত্রে বিরোধী দল বিজেপি (Bjp) কী অবস্থান গ্রহণ করবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি আগেই তুলেছেন। দাবি মানা না হলে বিধানসভা অচলের হুঁশিয়ারিও বিজেপির তরফে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা কেউ অচল করতে পারবে না। বিধানসভার সচলই থাকবে। আর আমি মনে করি এই ধরনের কথাবার্তা যারা বলছেন তারা পরিষদীয় গণতন্ত্রের অবমাননা করছেন। আইন মেনে বিধানসভার সচল রাখতে যা যা দরকার সেগুলোই আমরা করব।
স্পিকার এও বলেন, বয়কটের বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই। কটাক্ষের সুরে তিনি এও বলেন, "ওরা আপনাদের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু বিধানসভার ভেতরে এসে বলতে পারে না। মিডিয়ার কাছে যাওয়ার এত উৎসাহ কীসের খুঁজে পাই না।"
বিধানসভার অধিবেশন নিয়ে এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে শাসকদলের বিধায়কদের পাশাপাশি আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী ছাড়া বিরোধীদের আর কেউ উপস্থিত ছিলেন না।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, এবারের অধিবেশনে গঙ্গা ভাঙন নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিলও আনতে চলেছে রাজ্য সরকার।
বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল মাসের পর মাস আটকে রাখার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে।
ওই প্রথা ভাঙতেই এবার সংবিধান সংশোধনী প্রস্তাব আনছে রাজ্য। যাতে বিল সইয়ের ক্ষেত্রে রাজ্যপালের সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।