
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী।
শেষ আপডেট: 28 June 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় প্রত্যাশার চেয়েও ভাল ফল করেছে তৃণমূল। ২২ থেকে সাংসদ সংখ্যা একধাক্কায় ২৯ এ পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দলও তৃণমূল। এমন আবহে এবারের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষকে উপস্থিত করাতে চলেছে শাসকদল।
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই একথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক ও সাংসদদের চিঠি দিয়ে ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড মানুষকে জড়ো করার নির্দেশ দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
লোকসভা ভোটের মুখে গত মার্চে ব্রিগেডে জনগর্জন সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। রেকর্ড মানুষের ওই সমাবেশের মূল আয়োজক ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণীস্টাইলে মূল মঞ্চ থেকে দুদিকে পাখির ডানার মতো দীর্ঘ ব়্যাম্পও তৈরি করা হয়েছিল।
তবে সম্প্রতি অভিষেকের একটি ছোটো অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে কিছুদিন আগে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করে, দলের কাছ থেকে সাময়িক ছুটি নেওয়ার কথাও জানিয়েছিলেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ আপাতত বিশ্রামে রয়েছেন। সেকারণে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে ঘিরে এবার প্রতিটি জেলা সভাপতি, চেয়ারম্যানদের পাশাপাশি বিধায়ক, সাংসদদেরও চিঠি পাঠালেন সুব্রত বক্সী।
চিঠিতে লেখা হয়েছে, "আপনাদের সকলের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় এবারের একুশে জুলাইয়ের সমাবেশ আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে, এটা আমাদের বিশ্বাস।"
প্রসঙ্গত, নিয়োগ ও রেশন দুর্নীতি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এবারের লোকসভা ভোটে শাসকবিরোধী হাওয়াকে জোরদার করতে চেয়েছিল বিরোধীরা। তাতে যুক্ত হয়েছিল সন্দেশখালি ইস্যুও। বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষক সংস্থার রিপোর্টেও দাবি করা হয়েছিল, এবারে বাংলায় তৃণমূলের চেয়ে ভাল ফল করবে বিজেপি। তবে ৪ জুন বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় ৪২টির মধ্যে ২৯টি তৃণমূলের দখলে।
বিপুল আসনে জয়, প্রচুর মানুষের এই সমর্থনকে পুঁজি করে ইতিমধ্যেই দুর্নীতি, জবর দখল-সহ বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অন্দরে বড় ঝাঁকুনি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দলের ব্লক সভাপতিকেও গ্রেফতার করাতে রেয়াত করেননি। এমন পরিস্থিতিতে এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী একাধিক নতুন ঘোষণা সামনে আনতে পারেন বলেও মনে করা হচ্ছে। তাই সবদিক থেকে এবারের সমাবেশ শাসকদলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।