
শেষ আপডেট: 3 January 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের গলসিতে উত্তেজনা চরমে।
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র গলসি। মঙ্গলবার সন্ধে থেকে চলছে বোমাবাজি। বুধবার সকালেও পরিস্থিতি থমথমে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, বোমাবাজির জেরে গুরুতর জখম হয়েছেন এক তৃণমূল কর্মী।
স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরেই গলসিতে উত্তেজনা চলছে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাগাতার অশান্তির জেরে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন। গলসির ১ নম্বর ব্লকের জাগুলি পাড়া গ্রামে বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার গোষ্ঠী লোকজন ও ব্লক সভাপতি ঘনিষ্ঠ শেখ আবুবক্করের দলের লোকজনের মধ্যে ঝামেলা হয়েছে বলে দাবি স্থানীয়দের। তার জেরেই লাগাতার বোমাবাজি চলছে এলাকায়।
জানা গেছে, গতকাল এলাকায় কর্মিসভার আয়োজন করেছিল রহমত মোল্লার লোকজন। সেই সময় অপর গোষ্ঠীর লোকজন এসে সেখানে বোমা ছোড়ে। সভা পণ্ড করার জন্য ইট পাটকেলও ছোড়া হয় বলে অভিযোগ। তারপরই দুই দলের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ইটের ঘায়ে মাথা ফাটে শেখ মনিরুলের। আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতির জন্য তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বোমাবাজির জেরেও কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরই গ্রামে পৌঁছয় গলসি থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে গ্রামে গ্রামে তল্লাশি শুরু হয়েছে। মোতায়েন করা রয়েছে পুলিশ বাহিনী। তৃণমূলের কোনও গোষ্ঠীর তরফেই এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।