অমিত শাহের পেশ করা এই 'চার্জশিট'কে মানতেই রাজি নয় তৃণমূল। কে, কাদের বিরুদ্ধে কী পেশ করছে সেটা আসল বিষয় - এমনটাই মত ব্রাত্য, মহুয়া, কীর্তিদের।

বিজেপির বিরুদ্ধে চার্জশিট পেশ তৃণমূলের
শেষ আপডেট: 28 March 2026 17:06
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে শনিবার শহরে এসে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার 'চার্জশিট' (BJP Chargesheet) পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই তৃণমূলের তরফে পাল্টা 'চার্জশিট' পেশ করা হয় বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তরফে এই 'চার্জশিট' পেশ করেন ব্রাত্য বসু (Bratya Basu), মহুয়া মৈত্র (Mohua Moitra) এবং কীর্তি আজাদ (Kirti Azad)। এই চার্জশিট পেশ করার সময়ই উইলিয়াম সেক্সপিয়রের উপমা টানেন ব্রাত্য। অমিত শাহকে 'তড়িপাড়' বলেও খোঁচা দেন তিনি।
অমিত শাহের পেশ করা এই 'চার্জশিট'কে মানতেই রাজি নয় তৃণমূল। কে, কাদের বিরুদ্ধে কী পেশ করছে সেটা আসল বিষয় - এমনটাই মত ব্রাত্য, মহুয়া, কীর্তিদের।
ব্রাত্য বসু
সাংবাদিক বৈঠকে শেক্সপিয়রের জুলিয়াস সিজারের উপমা টেনে তাই ব্রাত্য বলেন, ''বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট পেশটাও তারই প্রমাণ।'' অতীতের প্রসঙ্গ টেনে ব্রাত্যর আরও খোঁচা, ''আদালত কাকে যেন তড়িপাড় বলেছিল?''
ব্রাত্যর কথায়, তাঁরা বাংলায় এসে চার্জশিট পেশ করছে যাঁদের নিজেদের রাজ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে কিছুই নেই। এসআইআর করে বাংলাতে শেষ পেরেক পুঁততে চাইছে বিজেপি, কিন্তু সফল হবে না, ওই পেরেক উপড়ে ফেলা হবে। বাংলায় নারী শক্তিরই জয় হবে।
মহুয়া মৈত্র
'কোনও জোকার সিংহাসনে বসলে সে রাজা হয় না, বরং প্রাসাদটা সার্কাসে পরিণত হয়।' এই মন্তব্য করেই নরেন্দ্র মোদী-অমিত-শাহকে খোঁচা দেন তিনি। মহুয়ার কথায়, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশি বলে অপমান করা হয়েছে। আর এখন সেই বাংলায় এসে অমিত শাহ, যিনি একজন 'তড়িপাড়', মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মানুষের বিরুদ্ধে 'চার্জশিট' দিচ্ছেন। এটা আস্পর্ধা ছাড়া আর কিছু নয়।
তিনি এও বলেন, একাধিক আঙ্গিকে বাংলা এবং বাঙালিকে অপমান করে আসছে বিজেপি। বঞ্চিত করা হচ্ছে, অপরাধী বলে দেগে দেওয়া হচ্ছে, শেষমেশ বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। তাই এহেন বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে পেশ করা কোনও 'চার্জশিট'-এর জবাব তিনি দেবেন না। মহুয়াও মনে করান, একসময়ে নিজের রাজ্যেই ঢুকতে পারতেন না অমিত শাহ, পালিয়ে বেড়াচ্ছিলেন। এখন তিনিই নাকি মানুষের বিরুদ্ধে 'চার্জশিট' দিচ্ছেন।
কীর্তি আজাদ
তৃণমূল সাংসদ মনে করান, তিনি একটা লম্বা সময়ে বিজেপিতে ছিলেন। তাই ওদের ব্যাপারটা বেশি ভাল বোঝেন। কীর্তির খোঁচা, একমাত্র ভারতবর্ষেই এটা সম্ভব যে, একজন অভিযুক্ত ব্যক্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর তাঁর স্বভাব, বারবার মিথ্যে কথা বলা এবং জোর দিয়ে বলা। আজও 'চার্জশিট' পেশের নাম করে সেই একই কাজ করে গেছেন তিনি।