মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (TMC Candidate List 2026) প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে হুগলি জেলায় এক প্রকার ‘সাফসুতরো’ অভিযান চালিয়েছে শাসক দল।

হুগলিতে যাঁরা নেই
শেষ আপডেট: 17 March 2026 19:50
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (TMC Candidate List 2026) প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে হুগলি জেলায় এক প্রকার ‘সাফসুতরো’ অভিযান চালিয়েছে শাসক দল। জেলার ১৮টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতেই পুরনো বিধায়কদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের এই নজিরবিহীন রদবদলকে রাজনৈতিক মহলের অনেকেই ‘প্রশাসনিক সাইক্লোন’ হিসেবে দেখছেন।
রাজনৈতিক মহলে আগে থেকেই গুঞ্জন ছিল উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের টিকিট কাটা যাওয়া নিয়ে। মঙ্গলবার তা সত্যি হল। কাঞ্চনের জায়গায় নিয়ে আসা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র, আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে।
একইভাবে চুঁচুড়া কেন্দ্র থেকেও সরিয়ে দেওয়া হয়েছে দাপুটে নেতা অসিত মজুমদারকে। সেখানে ঘাসফুল ফোটাতে তৃণমূলের বাজি তরুণ তুর্কি তথা দলের মিডিয়া মুখ দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটে হেরে গেলেও দেবাংশুর সাংগঠনিক দক্ষতার ওপর ফের ভরসা রাখলেন মমতা-অভিষেক।
রদবদলের তালিকায় রয়েছে সপ্তগ্রাম এবং বলাগড় কেন্দ্রও। দীর্ঘদিনের বিধায়ক তথা জেলা রাজনীতির পরিচিত মুখ তপন দাশগুপ্তকে এ বার আর টিকিট দেওয়া হয়নি সপ্তগ্রামে। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে বিদেশ বসুকে। উল্লেখ্য, বিদেশবাবু একুশের নির্বাচনে হাওড়ার উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছিলেন, এ বার তাঁকে নিজের জেলায় ফিরিয়ে আনা হল। অন্যদিকে, বলাগড় কেন্দ্রে তফশিলি ভোটের অঙ্ক মাথায় রেখে মনোরঞ্জন ব্যাপারীকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে রঞ্জন ধাড়াকে।
কালীঘাট সূত্রে খবর, এই বিপুল পরিমাণ প্রার্থী বদলের নেপথ্যে রয়েছে ‘অ্যান্টি-ইনকাম্বেন্সি’ বা প্রতিষ্ঠান বিরোধিতা কাটানোর ছক। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছিল, নির্দিষ্ট কিছু কেন্দ্রে তৃণমূলের সাংগঠনিক শক্তি মজবুত থাকলেও ব্যক্তিগত জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিচ্ছিল বর্তমান বিধায়কদের। সে ক্ষেত্রে পুরনো মুখ রেখে ঝুঁকি নিতে চায়নি তৃণমূল। বদলে নতুন মুখ এনে ওই এলাকার ক্ষোভ প্রশমন করার কৌশল নেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন ২১-২৬-এর অদল-বদল তালিকা
বিধানসভা কেন্দ্র ২০২১ ২০২৬
উত্তরপাড়া কাঞ্চন মল্লিক শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় (কল্যাণ বন্দ্যোপধ্যায়ের ছেলে)
শ্রীরামপুরে সুদীপ্ত রায় তন্ময় ঘোষ
চাঁপদানিতে অরিন্দম গুইন অরিন্দম গুইন
সিঙ্গুরে বেচারাম মান্না বেচারাম মান্না
চন্দননগরে ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন
চুঁচুড়ায় অসিত মজুমদার দেবাংশু ভট্টাচার্য
বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী রঞ্জন ধাড়া
পান্ডুয়ায় ডা: রত্না দে নাগ সমীর চক্রবর্তী (বুয়া)
সপ্তগ্রাম তপন দাশগুপ্ত বিদেশ বসু
চণ্ডীতলায় স্বাতী খন্দকার স্বাতী খন্দকার
জাঙ্গিপাড়ায় স্নেহাশিস চক্রবর্তী স্নেহাশিস চক্রবর্তী
হরিপালে করবী মান্না করবী মান্না
ধনিয়াখালিতে অসীমা পাত্র অসীমা পাত্র
তারকেশ্বরে রামেন্দু সিংহরায় রামেন্দু সিংহরায়
পুরশুড়ায় দিলীপ যাদব পার্থ হাজারি
আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ মিতা বাগ
গোঘাটে মানস মজুমদার নির্মল মাঝি
খানাকুলে মুন্সি নাজমুল করিম পলাশ রায়